২০ ছক্কায় একাই ২৭৯, রাজার ছেলের অবিশ্বাস্য ব্যাটিং!
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪
১৪৬ বলে ২৭৯ রান, এর মধ্যে ৩০টি চার ও ২০টি ছক্কা। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের ম্যাচে এমন বিধ্বংসী ব্যাটিং করেছেন সিকান্দার রাজার ছেলে ইশা বাট। ৫০ ওভারে সেই ম্যাচে ৫১৮ রান করেছে তার দল হেলেনিক একাডেমি। মোট রানের অর্ধেকটাই করেছেন রাজার ছেলে ইশা।
শনিবার সিবিসির বিপক্ষে ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইশা। দ্বিতীয় ওভারে ক্রিজে আসার পর একের পর এক বাউন্ডারিতে সিবিসির বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। এক প্রান্তে উইকেট পড়লেও থামেনি তাঁর রান তোলার গতি।
থমাস ফার্গুসন ৭ এবং তাদিওয়া ভিরুকাই ৩০ রান করে ফেরার পর তাওয়ানান্যাশা জভবগোকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ইশা। চতুর্থ উইকেটে মাত্র ১৬২ বলে দুজন যোগ করেন ৩০৭ রান। জভবগো ৬৬ বলে ৯২ রান করেন, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।
ইশা অবশ্য থামেন ২৭৯ রানে। ১৪৬ বলের ইনিংসে ৩০টি চার ও ২০টি ছক্কা মেরেছেন তিনি। বাউন্ডারি থেকেই এসেছে তাঁর ২৪০ রান। মাত্র ২১ রান করতে পারলেই স্পর্শ করতেন ৩০০ রানের মাইলফলক। তবে ৪৮তম ওভারে ডিলান এনকুবের বলে ফিরেন তিনি।

৮.৫ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এনকুবে। ইশাকে থামাতে সিবিসি মোট আটজন বোলার ব্যবহার করেও অবশ্য বড় রানের লাগাম টানতে পারেনি। ইশার ঝোড়ো ইনিংস ও জভবগোর ৯২ রানের ওপর ভর করে হেলেনিক একাডেমি ৫০ ওভারে তোলে ৫১৮ রান।
জবাবে সিবিসির ইনিংস স্থায়ী হয় মাত্র ১৮ ওভার। ৮৫ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে কুপাকওয়াশে মুতাউরওয়া ১৫ রানে অপরাজিত থেকে সর্বোচ্চ রান করেন। ফলে ৪৩৩ রানের বিশাল জয় পায় ইশা বাটের দল হেলেনিক একাডেমি।
ইশার বাবা সিকান্দার রাজা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে পরিচিত মুখ। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ও অধিনায়ক বিশ্বের প্রায় সব লিগেই খেলেছেন। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে বিশ্বে প্রথম এবং ওয়ানডেতে দ্বিতীয় স্থানে আছেন রাজা।
এমআই