একদিনেই ৬ সেঞ্চুরি, এমন দিন কি আগে এসেছিল?
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০
একই দিনে তিনটি ওয়ানডে, সেই তিন ম্যাচে মোট ছয়টি সেঞ্চুরি! ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ৫০ ওভারের ক্রিকেটে এক ক্যালেন্ডার দিনে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড ছিল। ২৭ সেপ্টেম্বর সেই রেকর্ড এক লাফে ছাড়িয়ে গেছে ছয়ের ঘরে।
২৭ সেপ্টেম্বর তিনটি ভিন্ন ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন ছয় ব্যাটার। জাস্টিন গ্রিভস ১০১, শুভমান গিল ১১০, বিরাট কোহলি অপরাজিত ১৩৯, টেম্বা বাভুমা ১০৩, ডেভিড মিলার অপরাজিত ১৪২ এবং টম ব্যান্টন ১২৬ রান করেন। ওয়ানডে ইতিহাসে এক দিনে ছয় সেঞ্চুরির এটাই প্রথম ঘটনা।
ছয় সেঞ্চুরি আগে না হলেও এক দিনে পাঁচ সেঞ্চুরির নজির অবশ্য ছিল। ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা ঘটেছিল তিনবার।
৩ সেপ্টেম্বর ২০১৩
ওয়ানডেতে এক দিনে পাঁচ সেঞ্চুরির প্রথম নজির দেখা যায় ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর। সেদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে উইলিয়াম পোর্টারফিল্ড করেন ১১২ রান। ইংল্যান্ডের এয়োন মরগান অপরাজিত ১২৪ এবং রবি বোপারা অপরাজিত ১০১ রান করেন।
একই দিনে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ১৪৮ এবং শন মার্শ ১৫১ রানের ইনিংস খেলেন। দুই ম্যাচ মিলিয়ে পাঁচ সেঞ্চুরি, ওয়ানডেতে একদিনে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড।
২৩ জানুয়ারি ২০১৫
প্রায় দুই বছর পর, ২০১৫ সালের ২৩ জানুয়ারি আবারও এক দিনে পাঁচ সেঞ্চুরি দেখা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে নিউজিল্যান্ডের লুক রনকি অপরাজিত ১৭০, গ্র্যান্ট এলিয়ট অপরাজিত ১০৪ এবং শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ১১৬ রান করেন।
অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ অপরাজিত ১০২ এবং ইংল্যান্ডের ইয়ান বেল করেন ১৪১ রান। দুই ম্যাচ মিলিয়ে আবারও পাঁচ সেঞ্চুরি।
১০ অক্টোবর ২০২৩
এরপর একদিনে পাঁচ সেঞ্চুরির রেকর্ডের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় ৮ বছর। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান।
মেন্ডিস করেন ১২২, সামারাবিক্রমা ১০৮, শফিক ১১৩ এবং রিজওয়ান অপরাজিত ১৩১ রান। একই দিনে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ডেভিড মালান করেন ১৪০। দুই ম্যাচ মিলিয়ে সেদিনও এসেছিল পাঁচ সেঞ্চুরি। তবে গতকাল কোহলি-মিলাররা মিলে ৬টি সেঞ্চুরি করে সব রেকর্ডই ভেঙে দিলেন।