পাকিস্তানের বোলিং কোচ হচ্ছেন শন টেইট, ফিল্ডিং কোচে চমক!
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪
পাকিস্তানের জাতীয় দলের কোচিং স্টাফে আবারও ফিরতে পারেন শন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান পেসারের সঙ্গে বোলিং পরামর্শকের ভূমিকা নিয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে ফিল্ডিং পরামর্শক হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার মার্টিন গাপটিলের সঙ্গেও আলোচনা চলছে।
সোমবার জিও সুপারকে পিসিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় দলের কোচিং স্টাফে দুটি আলাদা পরামর্শক পদে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের যুক্ত করার পরিকল্পনা করছে বোর্ড। সম্প্রতি বোলিং কোচ অ্যাশলি নফকে এবং ফিল্ডিং কোচ ম্যাকডারমটের পদত্যাগের পর থেকেই নতুন মুখ খুঁজছে পিসিবি।
কোচিং প্যানেলের এই দুই পদের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞাপনও দিয়েছে তারা। ম্যাকডারমটের পদটি ইতোমধ্যে শূন্য হয়েছে। অন্যদিকে ২০২৬ এশিয়ান গেমস অভিযান শেষ হওয়ার পর বোলিং কোচের দায়িত্ব ছাড়ার কথা রয়েছে নফকের। এমন পরিস্থিতিতে বিদেশি পরামর্শক যুক্ত করার দিকেও এগোচ্ছে পিসিবি।
২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় এক বছর পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। তবে পারিবারিক কারণে চলতি বছরের জুনে বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সময় তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে কাজ করার বিষয়ে নিজের অনাগ্রহের কথাও জানিয়েছিলেন টেইট। ফলে টেইটকে পূর্ণকালীন বোলিং কোচের পরিবর্তে পরামর্শক হিসেবে যুক্ত করার বিষয়ে আগ্রহী পিসিবি।
অন্যদিকে গাপটিলকে ফিল্ডিং পরামর্শক হিসেবে পাওয়ার সম্ভাবনাও বেশ জোরালো। তাঁর সঙ্গে পিসিবির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে জিও সুপারের সূত্র।
এমআই