ডি থ্রি ট্রফির কোন দলের কোচ কারা, দেখে নিন একনজরে
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ‘ডমেস্টিক থ্রি’ বা ডি থ্রি টুর্নামেন্ট। তিন সংস্করণের ক্রিকেটকে একই কাঠামোর আওতায় নিয়ে আসা এই প্রতিযোগিতায় ছয় ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ চূড়ান্ত হয়েছে। দেশসেরা কোচদের নিয়েই সাজানো হচ্ছে দলগুলোর কোচিং স্টাফ।
গত রোববার নতুন এই টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়। এরপর আজ মঙ্গলবার হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট। সেখানেই ধাপে ধাপে চূড়ান্ত করা হয়েছে ছয় দলের প্রধান কোচ ও সহকারী কোচদের নাম।
ম্যানেজমেন্ট ড্রাফটে প্রথমে প্রধান কোচ বেছে নেওয়ার সুযোগ পায় ব্লু-স্টার। তারা দলে ভিড়িয়েছে সোহেল ইসলামকে। এরপর সুযোগ পেয়ে একমি গ্রুপের পছন্দ রাজিন সালেহ। তৃতীয় ডাক পেয়ে সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে দলে টেনেছে মিজানুর রহমান বাবুলকে।
এরপর ফরচুন গ্রুপের পালা এলে তারা প্রধান কোচ হিসেবে বেছে নেয় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্টের দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। সবশেষে ওয়ালটন গ্রুপ দলে ভিড়িয়েছে সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও কোচ আব্দুর রাজ্জাককে।
শুধু প্রধান কোচ নয়, ম্যানেজমেন্ট ড্রাফট থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে সহকারী কোচও দলে নিয়েছে। ব্লু-স্টারের সহকারী কোচ হিসেবে থাকছেন সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদার। ওয়ালটনের কোচিং স্টাফে যোগ দিয়েছেন তুষার ইমরান ও ডলার মাহমুদ।
সিটিজেন ব্যাংক নিয়েছে নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিমকে। একমির সহকারী কোচ হয়েছেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স। ফরচুনের কোচিং স্টাফে থাকছেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল। আর সেভেন রিংসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামো হিসেবে এসেছে ডি থ্রি। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণকে একই কাঠামোর আওতায় নিয়ে আসাই এই প্রতিযোগিতার মূল ভাবনা।