আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় বাংলাদেশের এই ক্রিকেটারদের নাম রয়েছে। তাঁদের মধ্যে তিনজন আছেন নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
আইএলটি-টোয়েন্টির এবারের নিলামে ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারকে রাখা হয়েছে। ক্রিকেটারদের ভিত্তিমূল্য অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার ডলার, এরপর ৪০ হাজার ও ১০ হাজার ডলারের দুটি ক্যাটাগরি রয়েছে।
সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ ও রিশাদের জন্য এটি আইএলটি-টোয়েন্টিতে খেলার প্রথম সুযোগ হতে পারে। তাসকিন অবশ্য গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলেছেন। ছয় ম্যাচে ৯ উইকেট নেওয়া এই পেসারকে এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর পরের ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।গত আসরে রানার্সআপ এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচে ১১৫ রান করার পাশাপাশি বল হাতে তিন উইকেট নিয়েছেন সাকিব।
সর্বনিম্ন ১০ হাজার ডলারের ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান। অর্থাৎ তিনটি ভিত্তিমূল্য ক্যাটাগরিতেই বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে। এদিকে নিলামে না গিয়েই আগামী আসরের জন্য দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির নিলাম। এরপর ২২ নভেম্বর শুরু হবে মাঠের লড়াই, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।