Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটারের আগে কোচ বাছাই নিয়ে যা বললেন মিরাজ

ক্রিকেটারের আগে কোচ বাছাই নিয়ে যা বললেন মিরাজ

খেলা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮

ক্রিকেটারদের ড্রাফটের আগে কোচিং স্টাফ বাছাই, ঘরোয়া ক্রিকেটে এমন আয়োজন এবারই প্রথম। ডি থ্রি টুর্নামেন্টের ম্যানেজমেন্ট ড্রাফটে তাই ছিল নতুনত্ব। তবে কোচ বাছাইয়ের ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয়নি দলগুলোকে। আগে থেকেই কোচদের তালিকা হাতে পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, বিষয়টি জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হয় ডি থ্রি টুর্নামেন্টের আইকন ক্রিকেটার ড্রাফট। ড্রাফট শেষে মিরাজ বলেন, ‘এই প্রথমবার আমাদের ঘরোয়া ক্রিকেটটা এই ফরম্যাটে হচ্ছে। এই ফরম্যাটের জন্য ক্রিকেট বোর্ডকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তারা যেভাবে ফরম্যাটটা সাজিয়েছে, সেখানে দলকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।’

কোচ বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও পরিষ্কার ধারণা দেন মিরাজ। ওয়ালটনের আইকন ক্রিকেটার বলেন, ‘কোচদের যে তালিকাটা আগে থেকেই দেওয়া হয়েছে এবং কাকে কী নেবে, এটা টিম ম্যানেজমেন্ট সেট করেছে। কোন পজিশনে কোন কোচকে নেওয়া হবে, সেটিও তারা আগে থেকেই সিদ্ধান্ত করেছে।’

তবে ম্যানেজমেন্ট ড্রাফট শেষ হওয়ায় এখনই স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই দলগুলোর। সামনে রয়েছে ক্রিকেটার ড্রাফট। সময়ও খুব বেশি নেই। তাই কোচিং স্টাফ চূড়ান্ত হওয়ার পরই ক্রিকেটার বাছাইয়ের পরিকল্পনায় নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মিরাজ জানিয়েছেন, ড্রাফটে দল পাওয়ার পর থেকেই তাদের পরিকল্পনার কাজ শুরু হয়েছে। ওয়ালটনের আইকন ক্রিকেটার বলেন, ‘গতকালই আমরা পরিকল্পনাটা করি। হয়তো বেশি সময় পাইনি, কিন্তু আমাদের কোচিংয়ের যে সেটআপ আছে, সেটা নিয়ে কথা বলেছি। সামনে আমাদের যে প্লেয়ার ড্রাফট আছে, তখন আরও সুন্দরভাবে পরিকল্পনা করা যাবে।’