Advertisement
Us Bangla Airlines
যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রাহিম

যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রাহিম

খেলা ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩

যুব এশিয়া কাপের আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে এলো বড় ধাক্কা। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার আব্দুর রাহিম। জিডি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া দলের হয়ে বল হাতে নজর কাড়া এই তরুণ পেসারকে গুরুত্বপূর্ণ এই আসরে আর পাওয়া যাচ্ছে না।

সিলেটে চলছে যুব টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। আফগানিস্তান যুব সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে ২২ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। সেই স্কোয়াডেই ছিলেন রাহিম। কিন্তু অনুশীলনে ব্যাটিং করার সময় বাঁ-হাতের কবজিতে বলের আঘাত পান তিনি।

চোটের ধরন গুরুতর হওয়ায় মাঠে ফিরতে সময় লাগতে পারে দুই মাসেরও বেশি। ফলে নভেম্বরে ওমানে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপে রাহিমের খেলা হচ্ছে না বলেই ধরে নেওয়া হচ্ছে। জিডি ট্রফিতে দারুণ ছন্দে থাকা এই পেসারের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা।

রাহিমকে হারিয়েই এখন সামনের চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর যুব এশিয়া কাপের মিশন।