Advertisement
Us Bangla Airlines
সেমিতে পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ?

সেমিতে পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ?

খেলা ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৫

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা বৃষ্টি। জাপানে পৌঁছানোর পর এখন পর্যন্ত বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা সেমিফাইনালের ভেন্যুতে প্রস্তুতি নেওয়ার সুযোগও মেলেনি। এর মধ্যেই প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে শক্তিশালী পাকিস্তান।

এশিয়ান গেমসের জন্য পাকিস্তান মূল দল না পাঠালেও স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। অধিনায়ক শাহিবজাদা ফারহানই তার বড় উদাহরণ। পাকিস্তানের হয়ে সর্বশেষ তিন টি-টোয়েন্টি ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন এই ওপেনার।

ওপেনিংয়ে ফারহানের সঙ্গে রয়েছেন মাজ সাদাকাত ও সাইম আইয়ুব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে মাজ সাদাকাত করেছেন দুটি সেঞ্চুরি। এর একটি এসেছে এলিমিনেটরে, অন্যটি ফাইনালে। সাইম আইয়ুবও সিপিএলে পেয়েছেন সেঞ্চুরি।

মাঝের সারিতে পাকিস্তানের ব্যাটিংয়ের দায়িত্বে থাকবেন হায়দার আলী, হাসান নেওয়াজ ও আবদুল সামাদ। চলতি বছর পাকিস্তানের হয়ে তিনজনের কেউই ম্যাচ খেলেননি। তবে টি-টোয়েন্টিতে দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে তাঁদের। সব ধরনের টি-টোয়েন্টিতে হায়দারের স্ট্রাইক রেট ১৩৭.৭০, হাসানের ১৩৭.৩৮ এবং সামাদের ১৫২.৫৮। গেল বিপিএলে দারুণ খেলেছেন হায়দার, হাসান।

উইকেটকিপার হিসেবে পাকিস্তানের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে উসমান খানের। তিনি পাকিস্তানের মূল দলেও উইকেটকিপারের দায়িত্ব পালন করেছেন। ফলে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ঘাটতিও থাকছে না পাকিস্তানের।

বোলিং বিভাগেও শক্তিশালী পাকিস্তান। স্পিন আক্রমণে রয়েছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার আবরার আহমেদ। তাঁর সঙ্গে আছেন আরাফাত মিনহাস, সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম। প্রয়োজনে সাইম আইয়ুব ও মাজ সাদাকাতও বল হাতে ভূমিকা রাখতে পারেন।

পেস আক্রমণে পাকিস্তানের ভরসা আকিফ জাভেদ ও আলী রাজা। ১৮ বছর বয়সী আলী রাজা ইতিমধ্যেই তাঁর গতির কারণে পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরামের নজরে এসেছেন। আকিফ জাভেদ বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। বিপিএলের সর্বশেষ তিন আসরে খেলার কারণে বাংলাদেশের ব্যাটারদের সম্পর্কেও তাঁর যথেষ্ট ধারণা রয়েছে।

পাকিস্তানের এই দলটিতে অবশ্য বাবর আজম, সালমান আলী আগার মতো পরিচিত তারকারা নেই। তারপরও টি-টোয়েন্টির জন্য দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বৃষ্টির শঙ্কা মাড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালে জয় পেতে বাংলাদেশকে ভালো পরীক্ষা দিতে হবে।

এমআই