আমিরাত সফরেও শান্তকে নিয়ে শঙ্কা
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সঙ্গে জাপানে গিয়েও মাঠে নামা হয়নি নাজমুল হোসেন শান্তর। শারীরিক অসুস্থতার কারণে দেশে ফিরে আসতে হয়েছে তাকে। এবার তার আমিরাত সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থ শরীর নিয়ে তার আপাতত আমিরাত সফরে যাওয়া হচ্ছে না।
জাতীয় দলের টেস্ট স্কোয়াডের সঙ্গে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। জাপান থেকে যুক্ত হওয়ার কথা ছিল শান্তর। কিন্তু এবার দেশে থেকেও যাচ্ছেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, অসুস্থতার কারণে গতকাল জাপান থেকে দেশে ফেরার পর বর্তমানে বিশ্রামে আছেন শান্ত। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার আমিরাত যাত্রার সময় নির্ধারণ করা হবে। সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়ার কথা। এর আগে প্রস্তুতির সুযোগ হিসেবে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে শান্তকে পাওয়া যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তবে মূল ম্যাচে তাকে পাওয়ার আশা করছে বিসিবি।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।