Advertisement
Us Bangla Airlines
ওয়ানডেতে এক ম্যাচে ৩ সেঞ্চুরি, আগে দেখেছে কেউ?

ওয়ানডেতে এক ম্যাচে ৩ সেঞ্চুরি, আগে দেখেছে কেউ?

খেলা ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২

ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ওপেনার জন ক্যাম্পবেল, অধিনায়ক শাই হোপ এবং চারে নামা আমির জাঙ্গু পেয়েছেন সেঞ্চুরির দেখা। ওয়ানডেতে এক ম্যাচে একই দলের তিন ব্যাটারের সেঞ্চুরির ঘটনা ইতিহাসে বিরল! উইন্ডিজের কীর্তিসহ এমন ঘটনা দেখা গেল মাত্র ৬ বার।

তিন শতকের এমন কীর্তি প্রথমবার গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৪৩৯ রান করার পথে তিন ব্যাটার সেঞ্চুরি করেন। একই বছরের অক্টোবরেই ভারতের বিপক্ষে ওয়াংখেড়েতে আবারও এক ম্যাচে ৩ সেঞ্চুরির কীর্তি গড়ে দক্ষিণ আফ্রিকা।

এরপর ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৮ রান করার পথে ইংল্যান্ডের তিন ব্যাটার সেঞ্চুরি করেন। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই কীর্তি গড়েন প্রোটিয়া ব্যাটাররা। সর্বশেষ ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংসেও দেখা যায় তিন সেঞ্চুরি।

সেই তালিকাতেই এবার নতুন নাম ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ভারতের বিপক্ষে গুয়াহাটির ম্যাচে ক্যাম্পবেল, হোপ ও জাঙ্গুর সেঞ্চুরি ওয়ানডে ইতিহাসে একই দলের তিন ব্যাটারের এক ম্যাচে শতকের ষষ্ঠ ঘটনা। আগের পাঁচবারের তিনবারই এমন র্কীতি গড়েছে দক্ষিণ আফ্রিকা।

গুয়াহাটিতে ক্যারিবিয়ান ব্যাটারদের দাপটে ৪০৫ রানের সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা করেছেন ক্যাম্পবেল। ভারতীয় বোলিং আক্রমণের ওপর চড়াও হয়ে মাত্র ৬৫ বলেই তিন অঙ্কে পৌঁছে যান এই ওপেনার। শেষ পর্যন্ত ৬৮ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০১ রান করেন তিনি।

ওয়ানডেতে ক্যাম্পবেলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটির পর দীর্ঘ অপেক্ষা শেষে আবারও শতকের দেখা পেলেন তিনি। ২০১৯ সালের মার্চের পর ওয়ানডেতে এটি তাঁর প্রথম সেঞ্চুরি।

ক্যাম্পবেলের পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক শেই হোপ। প্রথমে ক্যাম্পবেলের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন তিনি। পরে আমির জাঙ্গুর সঙ্গে যোগ করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে নিয়ে যান আরও বড় সংগ্রহের দিকে। ৯০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। ক্যারিয়ারে এটি তাঁর ২০তম ওয়ানডে সেঞ্চুরি।

হোপের বিদায়ের পর বাকি ছিল জাঙ্গুর সেঞ্চুরি। একসময় মনে হচ্ছিল, হোপের আগেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলবেন তিনি। সেটি না হলেও অধিনায়ক ফেরার পর আর অপেক্ষা করেননি জাঙ্গু। ৭০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। ওয়ানডেতে জাঙ্গুর এটি দ্বিতীয় শতক। ৭৭ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১১৪ রান করে ফেরেন তিনি।

এমআই