বাংলাদেশের আমিরাত সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫
আফগানিস্তান, জিম্বাবুয়ে ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ঘিরে বাংলাদেশের আসন্ন সফরের সূচি প্রকাশ হয়েছে। সফরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার পাশাপাশি জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।
সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর বাংলাদেশ দলের প্রথম অংশ দুবাইয়ে পৌঁছাবে। পরদিন ও ৩ অক্টোবর হবে অনুশীলন। এরপর ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ অক্টোবর জাপান থেকে বাংলাদেশের দ্বিতীয় দল দুবাইয়ে পৌঁছানোর পর পুরো দল আবুধাবির উদ্দেশে রওনা হবে।
৭ ও ৮ অক্টোবর অনুশীলন করবে লিটনরা। এরপর ১১ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ১১ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। সাদা পোশাকের ম্যাচটি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে।
টেস্টের পর ওয়ানডেতে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অভিযান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এবং চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত।
এরপর ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। শারজাহতে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সফর শেষে ২৪ অক্টোবর বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।
এমআই