Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটের নিয়মে আরও ৫ পরিবর্তন আনল আইসিসি

ক্রিকেটের নিয়মে আরও ৫ পরিবর্তন আনল আইসিসি

খেলা ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

ক্রিকেটের মাঠে ছোট-বড় বেশ কিছু পরিবর্তন নিয়ে এলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্ট করা থেকে শুরু করে ওভারথ্রো, বল ‘সেটলড’ হওয়ার সংজ্ঞা, রানআউট-স্টাম্পিং এবং নারী ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বলের মাপ ও ওজন, সব ক্ষেত্রেই নতুন বিধান যুক্ত হয়েছে।

পুরুষ ও নারী ক্রিকেটের সব সংস্করণের জন্য হালনাগাদ প্লেয়িং কন্ডিশন প্রকাশ করেছে আইসিসি। ১ অক্টোবর বা এরপর শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজগুলোতে কার্যকর হবে নতুন নিয়ম। তবে এর আগে শুরু হওয়া সিরিজে আগের বিধানই বহাল থাকবে।

সময় নষ্ট করা

নতুন নিয়মের সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি ব্যাটারের সময় নষ্ট করা নিয়ে। নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী বল মোকাবিলার জন্য প্রস্তুত না হলে প্রথমবার সতর্ক করবেন আম্পায়ার। একই অপরাধ দ্বিতীয়বার হলে দেওয়া হবে শেষ সতর্কতা। এরপরও একই ঘটনা ঘটলে প্রতিবার ফিল্ডিং দল পাবে ৫ পেনাল্টি রান। বারবার এমন করলে আইসিসির কোড অব কন্ডাক্টের আওতায় শাস্তিও হতে পারে।

বলের পরিমাপ

নারী ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বল নিয়েও এবার নির্দিষ্ট বিধান করা হয়েছে। এত দিন পুরুষ ক্রিকেটের বলের আকার ও ওজন নির্ধারিত থাকলেও নারী ও জুনিয়র ক্রিকেটে একই বল ব্যবহারের সুযোগ ছিল। নতুন নিয়মে পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটের জন্য আলাদা আকার ও ওজনের স্পেসিফিকেশন নির্ধারণ করেছে আইসিসি। বিশেষ করে নারী ক্রিকেটে বলের মাপ ও ওজনের সীমা আরও নির্দিষ্ট করা হয়েছে।

ওভারথ্রো

ওভারথ্রো নিয়েও পরিষ্কার করা হয়েছে নিয়ম। রান আটকানো কিংবা রানআউটের উদ্দেশ্যে স্টাম্পের দিকে বল ছোড়া হলে সেটি ওভারথ্রো হিসেবে বিবেচিত হবে। তবে বল থামাতে গিয়ে সাধারণ মিসফিল্ড হলে কিংবা অন্য ফিল্ডারের কাছে বল পাঠানোর সময় ভুল হলে সেটিকে ওভারথ্রো বলা হবে না।

বল সেটেলে আম্পায়ার

বল কখন ‘সেটলড’ হয়েছে, সেই নিয়মেও এসেছে পরিবর্তন। এত দিন বল পুরোপুরি সেটলড হয়েছে কি না, তা নিয়ে নির্দিষ্ট কিছু ব্যাখ্যার ওপর নির্ভর করতে হতো। নতুন বিধানে আম্পায়ারকে এ বিষয়ে আরও স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশেষ করে ম্যাচের শেষ বলে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। এখন বল ‘সেটলড’ হওয়ার জন্য সেটি অবশ্যই বোলার বা উইকেটকিপারের হাতে থাকতে হবে, এমন বাধ্যবাধকতা থাকছে না।

রানআউট বা স্টাম্পিং

রানআউট ও স্টাম্পিংয়ের ক্ষেত্রেও বল নিয়ন্ত্রণের বিষয়টি আরও স্পষ্ট করেছে আইসিসি। কোনো ফিল্ডার বল হাতে নিয়ে স্টাম্প ভাঙলে সেটিকে ‘হেল্ড’ বল হিসেবে বিবেচনা করা হবে তখনই, যখন বলটির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। স্টাম্প ভাঙার সময় হাতে শুধু বলের স্পর্শ থাকলেই সেটি বল ধরে রাখা হিসেবে গণ্য হবে না।

আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, আধুনিক ক্রিকেটের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব পরিবর্তন আনা হয়েছে। তার মতে, ক্রিকেট বল, ফিল্ডিং এবং খেলার গতি নিয়ে নতুন বিধানগুলো নিয়মের ব্যাখ্যা আরও পরিষ্কার করবে। একই সঙ্গে ক্রিকেটের সততা ও ধারাবাহিকতাও বজায় রাখার লক্ষ্য রয়েছে।