সেমিতে হেরেও যেভাবে পদক পেতে পারে বাংলাদেশ
খেলা ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ২০:৪১
স্বর্ণের স্বপ্ন নিয়ে এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে সেই স্বপ্নে ধাক্কা লেগেছে। এলোমেলো সিদ্ধান্ত আর খরুচে বোলিংয়ে ম্যাচ হেরে স্বর্ণ তো বটেই, রৌপ্য জয়ের সম্ভাবনাও শেষ লিটন দাসদের। তবে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না বাংলাদেশকে। এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে।
সেমিফাইনালে হারা দুই দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ৩ অক্টোবর সকাল ৬টায় জাপানের নিশিনে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে যে দল জিতবে, এশিয়ান গেমস থেকে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরবে তারাই। অর্থাৎ পদক জয়ের সমীকরণটা খুবই সহজ।
শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের। আর হারলেই পদকহীন হয়ে দেশে ফিরতে হবে লিটনদের।

শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের। এশিয়ান গেমসে বাংলাদেশ-ভারত জাতীয় দল নিয়ে অংশ নিলেও পাকিস্তান-শ্রীলঙ্কা খেলছে তুলনামূলক দুর্বল দল নিয়ে। অথচ সেই পাকিস্তানের কাছেই সেমিফাইনালে হেরে গেছে বাংলাদেশ।
অন্যদিকে ভারতের বিপক্ষে সেমিফাইনালে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ভারতের ১৬৯ রানের জবাবে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে ম্যাচটি শেষ করে তারা। ফলে ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সামনে আবারও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে।
তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো ফল না এলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পদক নির্ধারণ করা হবে। সে ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ব্রোঞ্জ পদক পাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। চূড়ান্ত ফল জানতে এবার কেবল সময়ের অপেক্ষা।