বিশ্বকাপের আগে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি
খেলা ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৯:১৩
বিশ্বকাপের প্রস্তুতিতে কোচিং স্টাফে নতুন মুখ যোগ করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে জাতীয় পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ।
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেট সাউথ আফ্রিকার লেভেল-৪ কোচিং সনদধারী এই কোচ দুই দশকের বেশি সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন মাকেতা।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রোটিয়াদের সহকারী কোচ ছিলেন তিনি। সেই সময়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন। তার সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্যের অংশ ছিলেন তিনি।
শুধু জাতীয় দল নয়, উদীয়মান ক্রিকেটার তৈরিতেও রয়েছে মাকেতার অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক ক্রিকেটে সব ফরম্যাটেই কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
সবশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন। ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে দক্ষিণ আফ্রিকা ‘এমার্জিং’ সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগের শিরোপা জিতেছিল।
বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।’
বাংলাদেশের তরুণ দলটির সঙ্গে কাজ করার দিকেও বিশেষভাবে নজর রয়েছে তার। মাকেতা বলেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। ফিল ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের উন্নতিতে সহায়তা করতে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নাবিমিয়া। আফ্রিকান হওয়ায় এসব কন্ডিশন ভালো চেনা মাকেতার। আসন্ন বিশ্বকাপে বিসিবি তার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায়।