সুযোগ না পেয়ে অবসরের ঘোষণা দিলেন চাহাল
খেলা ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৬:০৭
টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি। সেই আক্ষেপ নিয়েই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলছেন না তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের হয়ে আবারও মাঠে ফেরার লক্ষ্য তার।
ইনস্টাগ্রামে এক পোস্টে চাহাল জানিয়েছেন, লাল বলের ক্রিকেট তার কাছে কখনোই শুধুই আরেকটি ফরম্যাট ছিল না। প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই ধৈর্য, চরিত্র ও লড়াইয়ের মানসিকতা শেখার কথা উল্লেখ করেছেন তিনি।
চাহালের প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল ইংল্যান্ডের লর্ডসে, নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে। সেই ম্যাচের পরই নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ভারতের হয়ে টেস্ট খেলার সুযোগ না পেলেও দীর্ঘ ক্যারিয়ারের জন্য সন্তুষ্ট চাহাল।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে চাহালের শিকার ১৪৮ উইকেট। গড় ৩২.২৭। ২০২৬ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ২১ উইকেট নিয়েছেন তিনি। অন্তত ২০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে তার গড় ছিল দ্বিতীয় সেরা, ১৬.১৪।
তবে সাদা বলের ক্রিকেটে এখনো থামতে চান না চাহাল। ভারতের হয়ে ফেরার ক্ষুধা এখনো রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরেকটি সুযোগ পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন।
ভারতের হয়ে চাহাল খেলেছেন ৭২টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে তার উইকেট ১২১টি, টি-টোয়েন্টিতে ৯৬টি। ভারতের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের আগস্টে একটি টি-টোয়েন্টিতে।
এমআই