Advertisement
Us Bangla Airlines
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে-কোথায়?

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে-কোথায়?

খেলা ডেস্ক

০২ অক্টোবর ২০২৬, ১৪:০১

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ পর্বে বাংলাদেশ মোট পাঁচ ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাওয়া ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর। বাংলাদেশ গ্রুপ ‘বি’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর। নামিবিয়ার উইন্ডহোকে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ডারবানে ম্যাচ আরেকটি। লঙ্কানদের বিপক্ষে নামার তিন দিন পর, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দলটি। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। থশওয়ানে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার ‘বি’ থেকে উঠে আসা দল।

বাংলাদেশের পাঁচ ম্যাচের চারটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়, অন্য ম্যাচটি নামিবিয়ায়। ডারবানে টানা দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপের ফরম্যাটেও থাকছে পরিবর্তন। গ্রুপ পর্বের দুই গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল উঠবে সুপার সেভেন পর্বে। সুপার সেভেনে জায়গা পেলে বাংলাদেশকে আরও ছয়টি ম্যাচ খেলতে হবে।

এই পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের ফল ও সুপার সেভেনে ওঠা দলগুলোর ওপর নির্ভর করবে বাংলাদেশের পরের ম্যাচগুলোর প্রতিপক্ষ ও সময়সূচি। সুপার সেভেন শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

একনজরে বাংলাদেশ ম্যাচের সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৮ অক্টোবর ২০২৭ ইংল্যান্ড উইন্ডহোক, নামিবিয়া
১২ অক্টোবর ২০২৭ নিউজিল্যান্ড কুগোম্পো সিটি, দক্ষিণ আফ্রিকা
১৬ অক্টোবর ২০২৭ শ্রীলঙ্কা ডারবান, দক্ষিণ আফ্রিকা
১৯ অক্টোবর ২০২৭ দক্ষিণ আফ্রিকা ডারবান, দক্ষিণ আফ্রিকা
২৩ অক্টোবর ২০২৭ কোয়ালিফায়ার ‘বি’ থশওয়ানে, দক্ষিণ আফ্রিকা