আমিরাতে ৪২ ডিগ্রি গরম, ইনজুরির ঝুঁকি নিয়ে ভাবছে বিসিবি
খেলা ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৯:০৬
আবুধাবির গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হলেও আর্দ্রতার কারণে অনুভূত হচ্ছে প্রায় ৪২ ডিগ্রি। এমন কন্ডিশনেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও গরমের ধকল আর ইনজুরির ঝুঁকি নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
আগামী ৯ অক্টোবর আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। পাঁচ দিনের টেস্টে টানা পরিশ্রমের সঙ্গে যোগ হবে তীব্র গরম। ফলে ক্রিকেটারদের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে স্কোয়াডে তার প্রভাবও দেখা গেছে।
এই টেস্টে নেই পেসার নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও। অন্যদিকে দলে ফিরেছেন জাকের আলী অনিক। ক্রিকেটারদের টানা খেলার ধকল কমাতে রোটেশন ও প্রয়োজনীয় বিশ্রামের পরিকল্পনাও রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।
তিনি বলেন, ‘প্লেয়ারদের যে রিয়েলিস্টিক কনসার্ন, তা নিয়ে ম্যানেজমেন্ট কাজ করছে। রোটেশন, রেস্ট এগুলো তারা ক্যালকুলেট করবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে খুব ভালো করছে এখন পর্যন্ত। ইঞ্জুরির সংখ্যাও কমে এসেছে।’
তীব্র গরমের সঙ্গে মানিয়ে নিয়েই মাঠে নামতে হবে ক্রিকেটারদের। তবে পাঁচ দিনের টেস্টে আবুধাবির কন্ডিশন কতটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশের জন্য তাই আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট শুধু মাঠের লড়াই নয়, শরীর ও ফিটনেসেরও বড় পরীক্ষা।