Advertisement
Us Bangla Airlines
এসএ টোয়েন্টির নিলামে নাহিদের ভিত্তি মূল্য এত টাকা!

এসএ টোয়েন্টির নিলামে নাহিদের ভিত্তি মূল্য এত টাকা!

খেলা ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৯:২৮

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানা। টুর্নামেন্টের পঞ্চম আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। এবার নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও নাহিদ রানা।

বৃহস্পতিবার নিলামে থাকা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেখানে নাহিদের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। মার্কিন মুদ্রায় এই অঙ্ক প্রায় ৯০ হাজার ৩৭৫ ডলার।

নাহিদকে ঘিরে নিলামে তাই থাকছে বাড়তি আগ্রহ। কারণ এবার নিলামে নাম লেখানোর জন্য আগ্রহ দেখিয়েছিলেন মোট ৭৮৯ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ১৫৬ জন। তাদের মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার।

এসএ টোয়েন্টির ছয়টি ফ্র্যাঞ্চাইজি এবার ১৯ জন করে ক্রিকেটার নিয়ে দল সাজাবে। তবে দুটি দল ইতোমধ্যে ১৯ জন করে ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করায় তারা এবারের নিলামে অংশ নিতে পারবে না। ফলে বাকি দলগুলোর হাতেই থাকবে নাহিদকে দলে নেওয়ার সুযোগ।

আগামী বুধবার জোহানেসবার্গে বসবে এসএ টোয়েন্টির নিলাম। সেখানেই জানা যাবে ১৫ লাখ র‍্যান্ড ভিত্তিমূল্যের নাহিদকে শেষ পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ায় এবং তার দাম কতটা বাড়ে। তবে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এমআই