Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার কাছে হেরে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দিন

শ্রীলঙ্কার কাছে হেরে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দিন

খেলা ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমস ক্রিকেটে পদকহীন বাংলাদেশ। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দায় এড়িয়ে যাননি দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। বরং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে কোচ হিসেবে নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন।

আজ শনিবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার ‘বি’ দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় লিটন দাসের দল। পরে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানের বড় ব্যবধানে হারে পূর্ণশক্তির বাংলাদেশ।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন সালাহউদ্দিন। সেখানেই উঠে আসে দলের এমন ভরাডুবির প্রসঙ্গ। এশিয়ান গেমসে ফাইনালে ওঠার প্রত্যাশা জানিয়েছিলেন তিনি। সেই লক্ষ্য পূরণ তো হয়নি, বরং সেমিফাইনালে পাকিস্তানের পর ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হারতে হয়েছে বাংলাদেশকে।

দুই ম্যাচেই প্রতিপক্ষের স্কোয়াড ছিল তুলনামূলকভাবে দুর্বল। বিশেষ করে শ্রীলঙ্কা ও পাকিস্তান এশিয়ান গেমসের জন্য তাদের পূর্ণশক্তির দল পাঠায়নি। এমন পরিস্থিতিতে দুই দলের কাছেই হেরে এবারই প্রথম এশিয়ান গেমস ক্রিকেট থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

এই ব্যর্থতার দায় নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক। পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

তবে শুধু দুঃখ প্রকাশেই থামেননি বাংলাদেশ কোচ। শ্রীলঙ্কার বিপক্ষে কেন এমন ভরাডুবি হলো, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর মতে, বোলিংয়ে কয়েকটি ওভার এবং ব্যাটিংয়ে পাওয়ার প্লের ব্যর্থতাই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

সালাহউদ্দিনের ভাষায়, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি।’

চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু সেখানে পাকিস্তানের কাছে হারার পর ব্রোঞ্জের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে শেষ হলো দলের এশিয়ান গেমস অভিযান।

এমআই