Advertisement
Us Bangla Airlines
বাজে পারফর্ম করেও পদত্যাগ করতে চান না লিটন

বাজে পারফর্ম করেও পদত্যাগ করতে চান না লিটন

খেলা ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ১৩:৪০

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট অভিযান শেষ হয়েছে পদকশূন্য হাতে। প্রত্যাশার চাপ নিয়ে চীনে যাওয়া দলটি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে পদকের লড়াই থেকে। দলের এমন ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক লিটন দাসের ব্যক্তিগত হতাশাজনক পারফরম্যান্স। দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। অধিনায়কত্ব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তবু এমন ব্যর্থতার পরও নেতৃত্ব ছাড়ার কথা ভাবছেন না লিটন।

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ২০১০ সালে প্রথমবার ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার আসরেই সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে ইনচনে বৃষ্টির কারণে টসে রৌপ্যপদক পায় দলটি। ২০১৮ সালে জাকার্তায় ক্রিকেট ছিল না। সর্বশেষ ২০২৩ সালে চীনের হাংজুতে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতাও ধরে রাখা গেল না। সবচেয়ে বড় হতাশার জায়গা, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দুর্বল দলের সঙ্গে হেরেছে বাংলাদেশ।

দলের এই ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘কোনোভাবেই আমরা এটা কাভারআপ করতে পারিনি। আমাদের ব্যাটিং ওয়াইজ আমরা আজ আপ টু দ্য মার্ক ছিলাম না। এখানে এসেছি, টার্গেট ছিল অনেক বড়। তো সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগ আমরা মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি, দ্যাটস হোয়াই সুযোগটা মিস হয়েছে।’

দলের ব্যর্থতার পাশাপাশি নিজের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না লিটনের। দুই ম্যাচে মাত্র ২ রান করার পর নিজের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’

এমন পারফরম্যান্সের পর অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর পদত্যাগ করবেন কি না, জানতে চাওয়া হলে লিটন পরিষ্কার জানিয়ে দেন, আপাতত নেতৃত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই।

লিটন বলেন, ‘না, রিজাইন করতে চাই না। তবে হ্যাঁ, ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু না।’