বড় জরিমানার মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১৩:৫৪
এশিয়ান গেমসে মাঠের পারফরম্যান্সে চরম ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আলোচনায় বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক শাস্তি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের দায়ে তিন ক্রিকেটারকেই জরিমানা করা হবে। প্রত্যেকের জরিমানার পরিমাণ হতে পারে ১ থেকে ২ লাখ টাকা। বিষয়টি ইতোমধ্যে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে।
এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযানও কেটেছে হতাশায়। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল লিটন দাসের দলের। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
এরপর অবশ্য আর এগোতে পারেনি দলটি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রায় দ্বিতীয় সারির দলের বিপক্ষেও ব্যর্থতার চিত্র বদলায়নি। মাত্র ১০২ রানে অলআউট হয়ে বাংলাদেশ হারে ৬৩ রানে।
ব্রোঞ্জ পদকের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। তবে মাঠের ব্যর্থতার বাইরে এখন তাদের নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই শহর বদলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে।
সাইফ ও হৃদয়ের সঙ্গে ছিলেন রিশাদ হোসেনও। দলের নির্ধারিত ব্যবস্থাপনার বাইরে গিয়ে এমন ভ্রমণকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে বিসিবি। এরই পরিপ্রেক্ষিতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই ঘটনায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।