Advertisement
Us Bangla Airlines
‘মোস্তাফিজের ওপর আমাদের ভরসা রাখতেই হবে’

‘মোস্তাফিজের ওপর আমাদের ভরসা রাখতেই হবে’

খেলা ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ১৭:১০

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম ভরসার নাম মোস্তাফিজুর রহমান। কিন্তু জাপানের এশিয়ান গেমসে সেই চেনা মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তার প্রথম ওভারেই এসেছে ২৫ রান। সেই ওভারেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় শ্রীলঙ্কার হাতে।

এর আগের ম্যাচেও বোলিংয়ে খরুচে ছিলেন মোস্তাফিজ। দুই ওভারে ব্যয় করেছেন ৪১ রান। প্রথম ওভারে খরুচে হওয়ার পর পুনরায় তাকে আরেক ওভার দেওয়ায় সমালোচনা হয়েছিল। তবে অভিজ্ঞ এই পেসারের ওপর আস্থা হারাতে নারাজ বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ম্যাচ শেষে মোস্তাফিজ প্রসঙ্গে কোচ বলেন, ‘আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’

তবে শুধু মোস্তাফিজ নন, এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যর্থতার তালিকায় অধিনায়ক লিটন দাসের নামও সামনে এসেছে। দুই ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ মাত্র ২ রান। কোচ সালাউদ্দিন অবশ্য ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করতে চাননি। বরং পুরো দল হিসেবেই ব্যর্থতার দায় নিয়েছেন তিনি।

কোচ বলেন, ‘আমি সব সময় বলব তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি।’

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্য অনেক অ্যাথলেট সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও লড়াই করছেন। সাঁতার, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের নানা সীমাবদ্ধতার কথা সামনে এনে প্রশ্ন ওঠে, ক্রিকেটাররা সর্বোচ্চ সুযোগ-সুবিধা পেয়েও পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে পদক হাতছাড়া করায় তাদের বাড়তি অনুশোচনা আছে কি না।

জবাবে হতাশার কথাই জানিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা সবাই হতাশ। আমরা এখানে লক্ষ্য নিয়ে এসেছিলাম কিন্তু ফেইল করেছি, ভালো খেলতে পারিনি। প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি।’