Advertisement
Us Bangla Airlines
দ্বিতীয় সর্বোচ্চ ডাকের মালিক বিরাট কোহলি!

দ্বিতীয় সর্বোচ্চ ডাকের মালিক বিরাট কোহলি!

খেলা ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ১৯:০৯

ওয়ানডেতে প্রথম বলে আউট হওয়ার স্মৃতি বিরাট কোহলির খুব একটা সুখকর নয়। তবে সেই তেতো অভিজ্ঞতা শেষবার হয়েছিল প্রায় ছয় বছর আগে। এরপর দীর্ঘ সময় গোল্ডেন ডাক থেকে দূরে ছিলেন ভারতের তারকা ব্যাটার। নিউ চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আবারও সেই পুরোনো দুঃস্বাদ পেলেন তিনি।

২৪৮১ দিন পর ওয়ানডেতে প্রথম বলেই আউট হলেন কোহলি। ম্যাচের তৃতীয় ওভারে জেইডেন সিলসের করা প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে সর্বশেষ ওয়ানডেতে প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। এরপর টানা ছয় বছর আর কোনো ওয়ানডেতে গোল্ডেন ডাকের শিকার হননি।

তবে আজকের শূন্যটা কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ডাক। ৩১৭ ম্যাচের ক্যারিয়ারে ১৯ বার কোনো রান না করেই ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক। তাতেই ডাক খাওয়ায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড শচীন টেন্ডুলকারের। ৪৬৩ ম্যাচের ক্যারিয়ারে ২০ বার ডাক মেরেছেন কিংবদন্তি এই ব্যাটার। কোহলির সঙ্গে সমান ১৯টি ডাক নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথও।

তবে বিশ্ব ক্রিকেটে কোহলির ১৯ ডাক খুব একটা ওপরের দিকে নয়। ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়ার। ৪৪৫ ম্যাচে ৩৪ বার কোনো রান না করেই আউট হয়েছেন সাবেক এই ওপেনার।

কোহলির গোল্ডেন ডাকের হিসাবটাও বেশ মজার। ওয়ানডেতে এখন পর্যন্ত চারবার প্রথম বলেই আউট হয়েছেন তিনি। এর মধ্যে তিনবারই প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

এমআই