Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের না খেলার কারণ জানা গেল

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের না খেলার কারণ জানা গেল

খেলা ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ২২:৪২

বাংলাদেশের বিপক্ষে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল) ম্যাচটি কেন খেলেনি পাকিস্তান, সেটির কারণ এবার সামনে এসেছে। পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় চলমান টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের তৃতীয় আসরে পাকিস্তানকে অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে শারজাহয় চলমান প্রতিযোগিতায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্থগিত হওয়া ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না।

ঘটনার সূত্রপাত গত বছরের দ্বিতীয় আসরে। সে সময় ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল। এরপর মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি পাকিস্তান দলকে পরবর্তী আসরে দেশের প্রতিনিধিত্ব করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মালিক কামিল খান বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি পিসিবি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, গত বছরের ম্যাচ বয়কটের ঘটনায় ভারতীয় দলকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে এবং ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে হবে।

তবে ডব্লিউসিএল কর্তৃপক্ষ সেই শর্ত মানতে রাজি হয়নি। এর ফলে পাকিস্তান দলকেও এনওসি দেয়নি পিসিবি। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায় পাকিস্তান চ্যাম্পিয়ন্সের। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র প্রদানে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত বহাল রাখায় ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, দলটি চলমান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ অংশ নিতে পারবে না।’

গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ডব্লিউসিএলের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত চ্যাম্পিয়ন্স। প্রথম পর্বের পর সেমিফাইনালেও দুই দলের দেখা হয়েছিল। সেখানেও ভারত না খেলায় সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান। তবে আফ্রিকার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয়।

এরপর ২০২৫ সালের এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে প্রচলিত করমর্দন না করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই অবস্থান এখনো অব্যাহত রয়েছে।

এর আগে ‘টেকনিক্যাল কারণে’ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছিল। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পিসিবির এনওসি না পাওয়ার কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াল দলটি।