দুবাইয়ের ৪২ ডিগ্রি গরম নিয়ে যা বললেন এবাদত
খেলা ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ২৩:০৪
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। আবুধাবিতে আগামী ৯ অক্টোবর শুরু হবে ম্যাচটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
তবে ম্যাচের আগে ক্রিকেটারদের ভাবনায় উঠে এসেছে আরব আমিরাতের তীব্র গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আর্দ্রতার কারণে সেখানে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এমন কন্ডিশনে টানা পাঁচ দিন টেস্ট খেলা পেসারদের জন্য হতে পারে বড় পরীক্ষা।
গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই তাই এখন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পেসার এবাদত হোসেন জানালেন, আমিরাতে পৌঁছানোর পর শরীরকে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপরই জোর দিচ্ছেন তারা।
'আরব আমিরাতে আসার পর প্রথম কাজগুলোর একটি হলো শরীরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। মাঠে কিছু সময় খালি পায়ে হাঁটলে গরম ও কন্ডিশনের সঙ্গে শরীর দ্রুত মানিয়ে নিতে পারে।'
শুধু মাঠের প্রস্তুতি নয়, শরীরকে হাইড্রেটেড রাখাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবাদত। প্রচণ্ড গরমে ম্যাচের কয়েক দিন আগে থেকেই সেই প্রস্তুতি শুরু করার কথা জানিয়ে তিনি বলেন,
'দুবাইয়ের মতো প্রচণ্ড গরম আবহাওয়ায় ম্যাচের অন্তত দুই দিন আগে থেকেই আমার প্রস্তুতি শুরু হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পর্যাপ্ত হাইড্রেটেড রাখা। আরব আমিরাতে আসার পর রুমে থাকা অবস্থায়ও প্রচুর পানি ও তরল খাবার নিতে হবে। সকালের খাবারে ফলমূল, ডাবের পানি ও তরমুজের মতো পানিসমৃদ্ধ খাবার রাখা খুব গুরুত্বপূর্ণ।'
এদিকে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে থাকছেন না নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকেও। ফলে আবুধাবির কঠিন কন্ডিশনে বাংলাদেশের পেস আক্রমণে বাড়তি দায়িত্ব নিতে হবে এবাদতসহ অন্য বোলারদের।
ম্যাচের ফলের চেয়েও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, সেটি বুঝিয়ে দিচ্ছে আবুধাবির ৪২ ডিগ্রি পর্যন্ত অনুভূত তাপমাত্রা। সেই পরীক্ষায় নিজেদের প্রস্তুত রাখতেই এখন ব্যস্ত টাইগাররা।