Advertisement
Us Bangla Airlines
৭০ রানের পর এবার ১০০, জাতীয় দলে ডাক পাচ্ছেন রবিন?

৭০ রানের পর এবার ১০০, জাতীয় দলে ডাক পাচ্ছেন রবিন?

খেলা ডেস্ক

০৬ অক্টোবর ২০২৬, ১৩:০৩

জাতীয় দলের দরজা কি এবার খুলতে যাচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের জন্য? প্রশ্নটা হঠাৎ নয়। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই রান করে চলেছেন এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগে প্রথম ইনিংসে ৭০ রানের পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ব্যাট হাতে এমন ধারাবাহিকতার পর স্বাভাবিকভাবেই আলোচনায় চলে এসেছেন জাতীয় দলের সম্ভাব্য ওপেনার হিসেবে।

সিলেটের বিপক্ষে ময়মনসিংহের হয়ে দ্বিতীয় ইনিংসে রবিনের ব্যাট ছিল দারুণ ছন্দে। খালিদ হাসানের সঙ্গে গড়েছেন ১৪৮ রানের উদ্বোধনী জুটি। এরপর দিনের প্রথম ঘণ্টাতেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন এই ডানহাতি ব্যাটার। ম্যাচে বড় রানের পাশাপাশি তার এই ইনিংস নির্বাচকদের নজরেও নতুন করে আলো ফেলেছে।

অবশ্য এই সেঞ্চুরির আগে আক্ষেপও ছিল। প্রথম ইনিংসে ৭০ রান করে ফিরেছিলেন রবিন। সেই ইনিংসে তার আউট নিয়ে প্রশ্ন থাকলেও সেসব নিয়ে পড়ে থাকেননি। দ্বিতীয় ইনিংসে বরং ব্যাটেই দিয়েছেন জবাব। সেই জবাবই জাতীয় দলের আলোচনাকে আরও জোরালো করেছে।

রবিনের পক্ষে সবচেয়ে বড় যুক্তি তার সাম্প্রতিক রান। ডিপিএলে ৪৫ গড়ে ১৬৮৬ রান করেছেন তিনি। লাল বলের ক্রিকেটেও পারফরম্যান্সে ছন্দ হারাননি। অর্থাৎ শুধু একটি টুর্নামেন্ট নয়, ভিন্ন সংস্করণ ও ভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত রান করার সামর্থ্য দেখাচ্ছেন এই ওপেনার।

এমন সময়ে রবিনের নাম সামনে আসছে, যখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমান ওপেনারদের কাছ থেকে ধারাবাহিক রান না পাওয়ায় নতুন বিকল্প খুঁজছে নির্বাচক প্যানেল। সেই তালিকায় তরুণদের মধ্যে রবিন ও ইফতেখার ইফতির নাম এগিয়ে আছে।

রবিনের ক্রিকেট পরিচয়ও অবশ্য নতুন নয়। বিকেএসপিতে বেড়ে ওঠা এই ক্রিকেটার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। নারায়ণগঞ্জের এই ক্রিকেটার ডানহাতে ব্যাট করার পাশাপাশি লেগব্রেকও করেন। তবে তার সবচেয়ে বড় শক্তি ওপেনিংয়ে ব্যাটিং। এখানেই ডানহাতি ব্যাটারের খোঁজে জাতীয় দল।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন রবিনকে নিয়ে বলেন, ‘ও ভালো ফর্মে আছে, ভালো রান করছে। আগের থেকেই আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিজনটা ভালো শুরু হলো। আমরা আশাবাদী এবারের এনসিএল থেকে এবং পরে যে বিসিএল, আমরা যে ক্রিকেটটা শুরু করতে চাচ্ছি সেখান থেকে আমরা ভবিষ্যতে কিছু খেলোয়াড় খুঁজে পাব।’

রবিনের ব্যাটিং কাছ থেকে দেখতে সিলেটে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচকও। মাঠে বসে একজন ক্রিকেটারকে দেখার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে হাবিবুল বাশার জানিয়েছেন, টেলিভিশন বা ইউটিউবের চেয়ে মাঠের পর্যবেক্ষণে একজন ক্রিকেটারের অনেক বেশি দিক ধরা পড়ে।

তবে জাতীয় দলে ডাক পাওয়ার আগে রবিনের সামনে আরও একটি পরীক্ষা আছে। ঘরোয়া ক্রিকেটের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এনসিএলের পর বিসিএলেও যদি রান করার একই প্রবাহ বজায় থাকে, তাহলে নির্বাচকদের সামনে তাকে উপেক্ষা করা কঠিন হয়ে উঠবে।