পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৬:২৪
ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। পাওয়ারপ্লেতে ৫০ রান তুলে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেছিল তারা। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই বদলেছে চিত্র। শেষ পর্যন্ত দারুণ বোলিংয়ে পাকিস্তানের রানের গতি আটকে দিয়ে ১৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারে ৭ উইকেটে থামে ১২৬ রানে।
বাংলাদেশের ইনিংসে বড় অবদান রাখেন সাদিয়া আক্তার ও ফারজানা ইসমিন। সাদিয়া ৩৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। ফারজানা ২২ বলে অপরাজিত ২৮ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালোই করেছিল পাকিস্তান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা। উদ্বোধনী জুটিও একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।
তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ বিপর্যয়ের মুখেই পড়েছিল। মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারিয়েছিল টাইগ্রেসরা। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুইটি এবং সাহার বানু একটি উইকেট শিকার করেন।