অজুহাত দেখিয়ে বাংলাদেশ ছাড়া টেইট এখন পাকিস্তানের কোচ!
খেলা ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৮:৪৮
পরিবারকে সময় দেওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছিলেন শন টেইট। কয়েক মাস না যেতেই সেই টেইটই ফিরছেন পাকিস্তানের বোলিং কোচ হিসেবে। অ্যাশলি নফকের জায়গায় পাকিস্তানের সাদা বলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণার সময় কোচিং স্টাফে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রায় ১৬ মাস পাকিস্তানের সাদা বলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন নফকে। দায়িত্ব ছাড়ার পর নেদারল্যান্ডসের প্রধান কোচ হওয়ার প্রস্তাবও পেয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। এবার তার বদলে দায়িত্ব পালন করবেন শন টেইট।
সর্বশেষ পাকিস্তানের সঙ্গে এশিয়ান গেমসেও কাজ করেছেন টেইট। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি। তবে ফাইনালে ভারতের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।
পাকিস্তানের সঙ্গে অবশ্য টেইটের সম্পর্ক পুরোনো। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পাকিস্তান সফরের আগে পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। এক বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের বোলিং ইউনিটের সঙ্গে কাজ করেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে সাংগঠনিক পরিবর্তনের পর তার চুক্তি আর নবায়ন করা হয়নি।
এরপর বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন টেইট। চলতি বছরের জুনে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা জানিয়ে সেই দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার কয়েক মাসের মধ্যেই আবার কোচিংয়ে ফিরছেন, এবার পাকিস্তানের ড্রেসিংরুমে।