পাকিস্তানি তারকার পাশে ভারতের রবি শাস্ত্রী
খেলা ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৯:১২
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ভুলে মানবিক অবস্থান জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে ঘিরে বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ইমরানের মুক্তি ও প্রয়োজনীয় চিকিৎসার প্রত্যাশাও জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই। তবে ইমরান খানের সঙ্গে বর্তমানে যেভাবে আচরণ করা হচ্ছে, তা সত্যিই বিস্ময়কর। কোনো মানুষের সঙ্গেই এমন আচরণ কাম্য নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও আমার মনে হয়, তিনি যে পরিস্থিতির মধ্যে আছেন, তা তার প্রাপ্য নয়।’
ইমরানকে ঘিরে নিজের উদ্বেগের পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেকের একই অনুভূতি রয়েছে বলেও জানান শাস্ত্রী। ‘আমি শুধু নিজের হয়ে কথা বলছি না। আমার বিশ্বাস, বিশ্বের অনেক ক্রিকেটারই একই অনুভূতির কথা বলবেন। আমি শুধু আশা করি, ইমরান ভালো আছেন এবং তার শারীরিক অবস্থাও ভালো আছে।’
ক্রিকেটার ইমরানের প্রতি শাস্ত্রীর শ্রদ্ধার জায়গাটাও স্পষ্ট তাঁর বক্তব্যে। বিশেষ করে নেতৃত্বের গুণাবলির প্রশংসা করেছেন তিনি। তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে ইমরানের সামর্থ্যকে আলাদা করে দেখেছেন ভারতের সাবেক এই কোচ।
‘ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, তা অসাধারণ। তাকে নিয়ে আমার সবচেয়ে বড় স্মৃতি হলো- আমি একজন অসাধারণ নেতাকে দেখেছি। তিনি সত্যিকারের নেতা ছিলেন। তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য এগিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার।’
ইমরানের নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে ১৯৯২ বিশ্বকাপ জয়কে সামনে এনেছেন শাস্ত্রী। প্রায় ৪০ বছর বয়সে অপেক্ষাকৃত তরুণ একটি দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোর বিষয়টিকে তিনি ইমরানের নেতৃত্বগুণের বড় প্রমাণ হিসেবে দেখছেন।
‘প্রায় ৪০ বছর বয়সে পৌঁছে একটি অপেক্ষাকৃত তরুণ দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোই তার নেতৃত্বের বড় উদাহরণ। সেই দলের প্রতি তার বিশ্বাস এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা ছিল অসাধারণ।’
ইমরানের বর্তমান পরিস্থিতির দ্রুত অবসানও চান শাস্ত্রী। তিনি বলেন, ‘আপনি ইমরান খানকে পছন্দ করুন কিংবা না করুন, একটা বিষয় অস্বীকার করার উপায় নেই- বিশ্বের কাছে তিনিই পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন। ক্রিকেটে তার অবদান এবং পাকিস্তানকে বিশ্বমঞ্চে যে পরিচিতি এনে দিয়েছেন, তা অসাধারণ।’