Advertisement
Us Bangla Airlines
ব্যাটিং কোচকে ছাড়িয়ে যেতে শান্তর প্রয়োজন ৪৩ রান

ব্যাটিং কোচকে ছাড়িয়ে যেতে শান্তর প্রয়োজন ৪৩ রান

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১৯:০৫

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে ৪৩ রান করতে পারলেই টেস্ট ইতিহাসে আরও এক ধাপ ওপরে উঠে যাবেন নাজমুল হোসেন শান্ত। নিজের দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে টপকে দেশের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার হাতছানি এখন বাংলাদেশ অধিনায়কের সামনে।

টেস্টে ৪৪ ম্যাচে শান্তর সংগ্রহ ৩৩ গড়ে ২৬৯৪ রান। আশরাফুলের রানসংখ্যা ছাড়াতে তার প্রয়োজন আর ৪৩ রান। সেই মাইলফলক ছুঁতে পারলে আশরাফুলকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে রান সংগ্রাহকদের তালিকায় অষ্টম স্থানে উঠে যাবেন শান্ত।

আফগানিস্তানের বিপক্ষে এই লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাসও থাকতে পারে শান্তর। এই প্রতিপক্ষের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। সেই ম্যাচের দুই ইনিংসেই পেয়েছেন সেঞ্চুরি, সব মিলিয়ে করেছেন ২৭০ রান। বাংলাদেশের কোনো ব্যাটারের এক টেস্টে এটিই সর্বোচ্চ রান।

গত পাঁচ বছরেও ব্যাট হাতে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শান্ত। এই সময়ে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। শীর্ষে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে ব্যবধান মাত্র ৩৫ রান। একই সময়ে মুশফিক ও শান্ত দুজনেরই রয়েছে সাতটি করে সেঞ্চুরি ও ছয়টি করে ফিফটি।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকের রান প্রায় ৭ হাজার। তাকে টপকানোর সুযোগ এখনই পাচ্ছেন না শান্ত। তবে তার সামনে আপাতত অপেক্ষা করছে তুলনামূলক কাছের আরেকটি মাইলফলক। মাত্র ৪৩ রান করলেই দেশের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি।

এমআই