Advertisement
Us Bangla Airlines
এনসিএলের আবাসন সমস্যা নিয়ে জবাব দিল বিসিবি

এনসিএলের আবাসন সমস্যা নিয়ে জবাব দিল বিসিবি

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৬

এনসিএল সেকেন্ড ইলেভেনের আবাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। জাতীয় ক্রীড়া পল্লীতে তৈরি হওয়া সেই সমস্যার কথা স্বীকার করেছে বিসিবি। রুমের অগোছালো পরিবেশ ও বাইরে পানি জমে থাকার বিষয়টি নিয়ে দ্রুত কাজ শুরু করেছে বোর্ড। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিষয়টি জানিয়েছেন।

আলমগীর বলেন, ‘জাতীয় ক্রীড়া পল্লীতে একটা রুমে যে সমস্যা হয়েছে, সেটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা আশা করছি, আজকের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

আবাসন ব্যবস্থার উন্নতিতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সমস্যা সামনে আসার পর বিসিবি সভাপতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এরপর বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে জুম মিটিং করে দ্রুত সমাধানের পথ খোঁজা হয়েছে।

আলমগীর বলেন, ‘অ্যাকোমোডেশনের যে সমস্যাটি গতকাল হয়েছে, সেটা দ্রুতই আমরা অ্যাড্রেস করেছি। আমাদের প্রেসিডেন্ট কথা বলেছেন এবং আমাদের রিলেটেড সব ডিপার্টমেন্টকে নিয়েই আমরা গতকাল জুম মিটিং করেছি। আজকে কীভাবে সমস্যার সমাধান করা যায়, আরও কীভাবে ভালো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।’

এনসিএল সেকেন্ড ইলেভেনকে ঘিরে শুধু তাৎক্ষণিক সমস্যা সমাধান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে বিসিবির। আগামী ছয় মাসের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আশা করছেন আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে আমাদের পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায়, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

এমআই