Advertisement
Us Bangla Airlines
হাঁটতেই পারছেন না সাদমান, খেলবেন না আফ্রিকা সফরে!

হাঁটতেই পারছেন না সাদমান, খেলবেন না আফ্রিকা সফরে!

খেলা ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ১২:২৮

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাদমান ইসলাম। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। প্রাথমিক চিকিৎসার পর ড্রেসিংরুমে নেওয়া হলেও পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের প্রকৃত অবস্থা জানতে এমআরআই করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে তার চোট কতটা গুরুতর।

মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে যাওয়া বলটি আটকাতে দ্রুত পিছু নেন সাদমান। সীমানার কাছাকাছি গিয়ে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করতেই বিপত্তি ঘটে। মাটিতে আটকে যায় তার বাঁ পায়ের গোড়ালি। মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

দ্রুত মাঠে ছুটে যান দলের ফিজিও। প্রাথমিক শুশ্রূষা দেওয়া হলেও ব্যথা কমেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। পায়ে ব্যথা ও ফোলা থাকায় স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না এই ওপেনার। হুইলচেয়ারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এই চোটে চলমান টেস্টে সাদমানের আর ব্যাটিংয়ে নামা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা শুধু সিলেট টেস্টেই সীমাবদ্ধ নয়। চোটের মাত্রা গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও খেলতে পারবেন না তিনি। এখন সাদমানের এমআরআই প্রতিবেদনের অপেক্ষায় বাংলাদেশ দল।