আমির জাঙ্গুর নানাবাড়ি সত্যিই নোয়াখালী?
খেলা ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১৯:০১
ক্যারিবীয় ক্রিকেটার আমির জাঙ্গুর সঙ্গে বাংলাদেশের যোগসূত্র নিয়ে সামাজিকমাধ্যমে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। গুঞ্জন, তার মায়ের বাড়ি বাংলাদেশে, নানাবাড়ি নাকি নোয়াখালীতে! কিন্তু বহুল প্রচারিত এই তথ্যের সত্যতা কতটুকু? এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন জাঙ্গু নিজেই। এই ক্রিকেটার সরাসরি জানিয়ে দিয়েছেন, তার মা বাংলাদেশি নন।
বাংলাদেশের সঙ্গে তার মায়ের যোগসূত্র আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে আমির জাঙ্গু বলেন, ‘এটা সত্য নয়। আমার মা বাংলাদেশি নন। আমরা ত্রিনিদাদিয়ান।’
ক্যারিবীয় মুসলিম ক্রিকেটার জাঙ্গুর জন্ম ত্রিনিদাদে। ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ২০২০ সালে সুযোগ পান ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা করে নেন জাতীয় দলে।
২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দেন এই বাঁহাতি ব্যাটার। এবার টেস্ট ক্রিকেটেও দেখালেন ব্যাটিংয়ের ঝলক। অভিষেকেই সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও জাঙ্গুকে নিয়ে বাংলাদেশে আগ্রহের বড় কারণ ছিল তার কথিত নোয়াখালীর যোগসূত্র। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিল, বাংলাদেশে তার নানাবাড়ি রয়েছে। কিন্তু নোয়াখালীর ঠিক কোথায় সেই বাড়ি, তা নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। এবার নিজের বক্তব্যে সেই গুঞ্জনের অবসান ঘটালেন জাঙ্গু।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষতার ঝলক দেখিয়েছেন। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস। এর আগে গত মাসে ভারতের বিপক্ষেও ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন এই ক্যারিবীয় ব্যাটার।
এমআই