হাশিম আমলার নিয়োগ নিয়ে যা জানা গেল
খেলা ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৫
দীর্ঘমেয়াদি পরিকল্পনা সামনে রেখে নতুন ব্যাটিং কোচ বা পরামর্শক নিয়োগ দিতে চায় বিসিবি। আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা ছিলেন বিসিবির পছন্দের তালিকায়। উভয়পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে কয়েক দফা। কিন্তু সেই আলোচনা আর সাফল্যের মুখ দেখেনি। ফলে আমলাকে নিয়োগ দেওয়ার বিষয়টি এখানেই সমাপ্তি টানছে।
তবে স্থায়ীভাবে নতুন ব্যাটিং কোচ নিয়োগের প্রক্রিয়া থেমে নেই। এ পদের জন্য আলোচনায় উঠে এসেছে কয়েকজন বিদেশি কোচ ও সাবেক ক্রিকেটারের নাম। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার।
বিশেষ করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে আমলাকে ব্যাটিং পরামর্শক হিসেবে পাওয়ার আলোচনা বেশ দূর এগিয়েছিল। তবে সর্বশেষ পরিস্থিতি বলছে, আপাতত সেই সম্ভাবনা নেই। গতকাল বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমলাকে না পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বিসিবির চাওয়া এমন কাউকে দায়িত্ব দেওয়া, যিনি দীর্ঘ সময় দলের সঙ্গে কাজ করতে পারবেন। প্রয়োজনে নতুন কাউকে চূড়ান্ত করতে আরও দুই মাস সময় নিতেও আপত্তি নেই বিসিবির। ফলে পুনরায় ব্যাটিং কোচ হিসেবে ফেরা কোচ সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ছে। যদিও দেশি কোচের নিয়োগে ব্যাটিং বিপর্যয় কাটাতে পারেনি বিসিবি।