Advertisement
Us Bangla Airlines
১৯ টেস্টেই সব পেসারকে ছাড়ালেন হাসান মাহমুদ

১৯ টেস্টেই সব পেসারকে ছাড়ালেন হাসান মাহমুদ

খেলা ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ১৩:০১

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকাল। আগের দিনের শেষ দুই সেশনে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এক উইকেট। ক্রিজে দাপটের সঙ্গে ব্যাট করছেন আমির জাঙ্গু। সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটারের সঙ্গে জমে গেছেন জাস্টিন গ্রিভসও। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি উইন্ডিজের হাতে। বাংলাদেশের সামনে যেন অপেক্ষা করছিল আরও একটি হতাশার সকাল।

প্রথম আধঘণ্টায়ও বদলায়নি দৃশ্যপট। উইকেটের দেখা নেই, প্রতিপক্ষের ওপর চাপও নেই। কিন্তু নতুন বল হাতে পেয়েই যেন বদলে গেল পুরো গল্প। সেই গল্পের নায়ক হাসান মাহমুদ! শুরুটা করলেন আমির জাঙ্গুকে দিয়ে। ২১২ বলের দীর্ঘ ইনিংস খেলা ব্যাটসম্যানকে এমনভাবে বোকা বানালেন যে, বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাই হয়ে উঠল তার কাল।

অফ স্টাম্পের দিকে আসা বলটি ছেড়ে দিয়েছিলেন জাঙ্গু, কিন্তু সেটি গিয়ে আঘাত করল সরাসরি স্টাম্পে। সাজঘরের পথ ধরলেন সেঞ্চুরিয়ান। পরের বলেই রোস্টন চেজের ক্যাচ উইকেটের পেছনে। মুহূর্তেই হ্যাটট্রিকের সম্ভাবনা! আবুধাবিতে গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হাসান। এবার কি টেস্টেও সেই কীর্তি?

জশুয়া বিশপের প্যাডে বল লাগতেই আঙুল তুলে দিলেন আম্পায়ার। হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠার অপেক্ষা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেলেন বিশপ। হ্যাটট্রিক আর হলো না। তবে হাসানের থামারও কোনো লক্ষণ নেই। এরপর লিটনের অসাধারণ স্টাম্পিংয়ে বিদায় নিলেন জাস্টিন গ্রিভস। তাতে আরেকটি ফাইফারের দেখা পেলেন হাসান মাহমুদ।

টেস্টে এ নিয়ে মোট পাঁচটি ফাইফারের দেখা পেলেন হাসান মাহমুদ। ৫ ফাইফার এসেছে ভিন্ন পাঁচটি দেশে। ঘরের মাটিতে এটাই প্রথম। শুরুটা হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, ২০২৪ সালে। একই বছরের সেপ্টেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষেও পাঁচ উইকেট নেন তিনি। এরপর এ বছরের আগস্টে ডারউইন, গত মাসে আবুধাবি, এবার সিলেট।

কেবল ভিন্ন দেশের ফাইফার নয়, বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ফাইফারের মালিকও এখন তিনি। ৩৮ টেস্টে চারবার পাঁচ উইকেট নেওয়া শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেছেন মাত্র ১৯ টেস্টেই। এরপর শামার জোসেফকে বোল্ড করে পেলেন ৬ উইকেট। টেস্টে হাসান মাহমুদ কত বড় সম্পদ, সেটাই যেন প্রমাণ করছেন বারবার।

এমআই