হতাশা নিয়েই দিন পার করল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৫
সিলেট টেস্টের চতুর্থ দিনজুড়েই হতাশার গল্প লিখল বাংলাদেশ। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের দাপট, বল হাতে স্বাগতিকদের নিষ্প্রভতা। কাভেম হজের সেঞ্চুরিতে দিনটি নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। অন্যদিকে, উইকেট না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগার বোলারদের।
দিনের শেষ সেশনে বাংলাদেশকে আরও চাপে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসের লিডসহ তাদের ব্যবধান এখন ৩১৫ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট।
দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও ছিলেন ক্যারিবীয় ব্যাটাররা। চা বিরতির পর ২ উইকেটে ২৫৯ রান নিয়ে তৃতীয় সেশনে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে তখন সেঞ্চুরির অপেক্ষায় কাভেম হজ, সঙ্গে কেভিন উইকহ্যাম।
অপেক্ষার অবসান ঘটিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন হজ। অন্য প্রান্তে উইকহ্যামও ফিফটি পেরিয়ে এগোচ্ছিলেন বড় ইনিংসের পথে। তবে ১০৭ বলে ৭৮ রান করে থামতে হয় তাকে। দলীয় ২৮৪ রানে তাইজুল ইসলামের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
উইকেট পেলেও তাতে স্বস্তি ফেরেনি বাংলাদেশের শিবিরে। হজের সঙ্গে জুটি বাঁধা আমির জাঙ্গু আরও কঠিন করে তোলেন স্বাগতিকদের কাজ। দুজনের সাবলীল ব্যাটিংয়ে ক্রমেই বড় হতে থাকে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান তুলেছেন তারা। বিপরীতে বাংলাদেশের বোলিংয়ে তেমন কিছুই ছিল না।
শেষ বিকেলে আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। হজ ও জাঙ্গুর অবিচ্ছিন্ন জুটিতে নির্বিঘ্নেই দিন পার করে সফরকারীরা। আলোকস্বল্পতার কারণে সাময়িক বিরতির পর আর মাঠে গড়ায়নি খেলা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।