Advertisement
Us Bangla Airlines
সমালোচনাকে কেন সাধুবাদ জানালেন হৃদয়

সমালোচনাকে কেন সাধুবাদ জানালেন হৃদয়

খেলা ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

ব্যাট হাতে ব্যর্থ হলে সমালোচনা আসবেই। সেই সমালোচনা থেকেই শেখার সুযোগ খুঁজে নেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর তাকে ঘিরেও কম আলোচনা হয়নি। তবে সিলেট টেস্টে ব্যাট হাতে জবাব দিয়েছেন ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে। এবার সেই সমালোচনাকেই ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের এই ব্যাটার।

সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাওহীদ হৃদয় ও তানজিদ হাসানের আউট হওয়ার ধরন নিয়ে উঠেছিল প্রশ্ন। দুই ইনিংসেই একইভাবে উইকেট বিলিয়ে দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন হৃদয়।

তবে সমালোচনার জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন এই ব্যাটার। প্রথম টেস্টের প্রথম ইনিংস শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন, হৃদয় শক্তভাবে ফিরে আসবে। সেই কথার প্রতিফলন দেখা গেছে সিলেট টেস্টে। প্রথম ইনিংসে ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ব্যাটিংয়ের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।

চতুর্থ দিনের খেলা শেষে রোববার সংবাদ সম্মেলনে এসে সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন হৃদয়। তিনি বলেন, ‘কোনো পেশাতেই সমালোচনা থাকবে। ভালো করলে আপনারাই আমাদের নিয়ে ইতিবাচক কথা বলেন। খারাপ করলে আপনারাই বলবেন, এটাই স্বাভাবিক। সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে।’

নিজের ২৪২ রানের ইনিংস নিয়েও কথা বলেছেন হৃদয়। তিনি বলেন, ‘এটা আমার রিজিকে ছিল। কাকে ছাড়িয়ে যাচ্ছি সেই চিন্তা করিনি। আমার চিন্তা ছিল দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি সেট হয়েছিলাম, দিন ভালো ছিল, আর বল ব্যাটে লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে দলের জন্য অবদান রাখতে পেরেছি।’