শূন্য রানেই ৩ উইকেট নেই ভারতের, ক্রিকেটে এমন ঘটনা আছে আর?
খেলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৩:০৮
৩৩৪ রানের টার্গেট। জিততে হলে ভারতকে সেনসিবল ক্রিকেট খেলতে হবে। কিন্তু রান তাড়ার শুরুটা যে এমন হবে এটা হয়তো কস্মিনকালেও ভাবেনি রোহিত-কোহলি। ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন রোহিত শর্মা। পঞ্চম বলে সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড বিরাট কোহলি। ষষ্ঠ বলে শ্রেয়ার আইয়ার লেগ বিফোরে আউট হন। তাতেই তৈরি হয় লজ্জার রেকর্ড।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ভারত শূন্য রানে ৩ উইকেট হারিয়েছে। সবগুলোই উইকেটই গেছে ম্যাচের প্রথম ওভারে। যার পুরো কীর্তি পেসার ম্যাট হ্যানরির। এছাড়া ওয়ানডেতে দ্বিতীয়বার রোহিত-কোহলি ডাক মেরে ফিরেছেন। শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০১০ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের পর আর কোনোদিন একই ওয়ানডেতে ডাক ছিল না তাদের।
ওয়ানডেতে শূন্য রানে তিন উইকেট পড়ার ঘটনা ভারতের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে প্রথম নয়। চলতি বছর মিরপুরে অস্ট্রেলিয়াকে শূন্য রানে তিন উইকেট উপহার দিয়েছিল তাসকিন-ফিজরা। অজিদের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা ঘটেছিল প্রথমবার। সবমিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে শূন্য রানে তিন উইকেট হারানোর ঘটনা এখন ৫টি। সবশেষ নাম ভারত।
লজ্জার রেকর্ডের শুরুটা হয়েছিল পাকিস্তানকে দিয়ে। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ০ রানে হারায় ৩ উইকেট। ১৯৮৩ সালেও এরকম পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানিরা। সেবার বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর ২০০৩ সালে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ৩ বলেই ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ।
দীর্ঘ ২৩ বছর পর এই লজ্জার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে আউট হয়েছেন ম্যাথু শর্ট। দ্বিতীয় ওভারে ফিরেন কুপার কনলি ও ম্যাট রেনশ। তাসকিন-ফিজের তোপে এর মাঝে কোনো রানই করতে পারেননি অজিরা। এবার শূন্যতে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে লজ্জার রেকর্ডে বসল ভারত।