সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, পরিসংখ্যানে এগিয়ে কারা
খেলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৮:১৬
ফাইনালের টিকিট পেতে আর মাত্র এক ধাপ। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামার আগে পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে লাল-সবুজের প্রতিনিধিদের।
সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে তিন ম্যাচে জিতেছে বাংলাদেশ, দুটি হয়েছে ড্র। পাকিস্তানের জয়ও দুটি। গোলের হিসাবেও এগিয়ে বাংলাদেশ। সাত ম্যাচে বাংলাদেশের গোল ৭টি, পাকিস্তানের ৩টি।
দুই দলের প্রথম দেখায় ১৯৯৫ সালে জিতেছিল পাকিস্তান। তবে ১৯৯৯ সালে ৪-০ গোলের বড় জয়ে প্রতিশোধ নেয় বাংলাদেশ। ২০০৫ সালে করাচিতে সেমিফাইনালেও পাকিস্তানকে ১-০ গোলে হারায় লাল-সবুজের দল। পরের দুটি ম্যাচ, ২০০৯ ও ২০১১ সালে হয় ড্র। ২০১৩ সালে ২-১ গোলে জেতে পাকিস্তান। সর্বশেষ ২০১৮ সালের দেখায় বাংলাদেশ জয় পায় ১-০ গোলে।
এবারের আসরে গ্রুপ পর্বে দারুণ ছন্দে বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, রাকিব ও মোরসালিনদের নিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে সমর্থকেরা।
অন্যদিকে, পাকিস্তানও সেমিফাইনালের আগে শক্তি বাড়িয়েছে। গ্রুপ পর্বে না পাওয়া পাঁচ প্রবাসী ফুটবলার আবদুল্লাহ ইকবাল, ইসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ যোগ দিয়েছেন দলে। প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।
আট বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত সাফের ফাইনালে খেলার সুযোগ হয়নি তাদের। অন্যদিকে বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৩ সালে। ২০২৩ সালে সেমিফাইনালে উঠেছিল জামালরা।
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল শুরু হবে শনিবার রাত সাড়ে ৮টায়। এর আগে বেলা ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, বাংলাদেশ টেলিভিশন। ডিজিটাল প্লাটফর্ম টফিতেও দেখা যাবে ম্যাচটি।