Advertisement
Us Bangla Airlines
জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ

জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ

খেলা ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩০

শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সোবহানা মোস্তারির দল। ৯ উইকেটের বিশাল জয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ত্রিপানো ও অধিনায়ক জোসেফিনের জুটিতে জিম্বাবুয়ে তোলে ১৩১ রান। জবাবে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে দেন দিলারা আক্তার ও সাথী রানি। দুজনের ব্যাটে আসে ১০৪ রান। দলীয় ১০৪ রানে সাথী ফিরলেও ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে গেছে।

৪৩ বলে ৪৫ রান করে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরেন সাথী। এরপর শারমিন আক্তারকে নিয়ে বাকি কাজ সারেন দিলারা। ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শারমিন অপরাজিত থাকেন ৬ রানে। তাতে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে শুরুতে ব্যাট করে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩১ রান তুলেছিল জিম্বাবুয়ে। তবে সপ্তম ওভারেই প্রথম আঘাত হানে বাংলাদেশ। রাবেয়া খানের বলে ১২ রান করে ফেরেন বিলাভড বিজা। এরপর শের্ন মেয়ার্স ও কেলিস এনদোভলুর উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিনে এনকোমো কিছুটা প্রতিরোধ গড়েন। ত্রিপানোর ব্যাট থেকে আসে ৩০ বলে ৪০ রান, অধিনায়ক করেন ৩৫। তাদের ব্যাটে একশ ছাড়ায় জিম্বাবুয়ের সংগ্রহ। শেষ পর্যন্ত ১৩১ রানেই থামে তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল রাবেয়া খান। তিনটি উইকেট নেন তিনি।