Advertisement
Us Bangla Airlines
‘উইকেট পেতে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ কবুল করেছেন’

‘উইকেট পেতে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ কবুল করেছেন’

খেলা ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ১৫:০৬

টেস্ট অভিষেকেই বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান। ব্যাটিংবান্ধব রাওয়ালপিন্ডি উইকেটে যেখানে রান তুলতে ব্যস্ত দুই দলের ব্যাটাররা, সেখানে একাই শ্রীলঙ্কার ইনিংস ধসিয়ে দিয়েছেন এই অভিষিক্ত পেসার, তুলে নিয়েছেন ৭ উইকেট। তবে মাঠের এই সাফল্যের পেছনে নিজের বোলিংয়ের পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনাকেও বড় করে দেখছেন শাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৪ ওভার হাত ঘুরিয়ে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন, ইকোনমি ৩.৮২। অভিষেক ম্যাচেই এমন পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই পেসার। বিশেষ করে রাওয়ালপিন্ডির মতো ব্যাটিং সহায়ক উইকেটে তার সাত উইকেট শিকার নিঃসন্দেহে বড় অর্জন।

অভিষেকে এমন সাফল্যের পেছনে ভিন্ন গল্প শুনিয়েছেন শাকিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যখনই আমার উইকেটের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। গত রাতে (পরশু), আমি তাহাজ্জুদ পড়েছি এবং উইকেটের জন্য দোয়া করেছি। আবারও সেটাই ঘটেছে! যখনই আমি আল্লাহর কাছে উইকেট চেয়েছি, তিনি আমার দোয়া কবুল করেছেন।’

শুধু আন্তর্জাতিক অভিষেকেই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শাকিব। ১৯ ম্যাচের ৩৭ ইনিংসে বল করে তার শিকার ৮১ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৪৩ করে। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার, চার উইকেট পাঁচবার। সেরা বোলিং ৩৪ রানে ৭ উইকেট।

এমআই