৯০ বলের টুর্নামেন্টে খেলবেন ৭ বাংলাদেশি
খেলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫০
আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবারও দেখা যাবে বাংলাদেশের তারকাদের। কেনিয়ায় অনুষ্ঠেয় সুপার নাইন্টি লিগে দল পেয়েছেন সাত বাংলাদেশি ক্রিকেটার। তাদের তালিকায় আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও ইমরুল কায়েসের মতো জাতীয় দলের সাবেক তারকারা।
আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবির জিমখানা মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১০ দিনের এই টুর্নামেন্টে প্রচলিত টি-টোয়েন্টির বদলে প্রতিটি ইনিংস হবে ৯০ বলের।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে লন্ডন জায়ান্টস। একই দলে খেলবেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে এলডরেট টাইগার্সের হয়ে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সতীর্থ হিসেবে থাকছেন সাব্বির রহমান, ইমরুল কায়েস ও পেসার শহিদুল ইসলাম।

২০২৩ সালে যাত্রা শুরু করে সুপার নাইন্টি লিগ। ২০ ওভারের পরিবর্তে ১৫ ওভারে ৯০ বলের এই ফরম্যাটে অনুষ্ঠিত হয় প্রতিটি ম্যাচ। প্রথম আসরে ভারতের গাজিয়াবাদে চ্যাম্পিয়ন হয়েছিল গোয়াহাটি এভেঞ্জার্স। ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে শিরোপা জেতে রাজস্থান কিংস। ২০২৫ সালে ভারতের রায়পুরে চ্যাম্পিয়ন হয় ছত্তিশগড় ওয়ারিয়র্স।
এবারের আসরে অংশ নেবে মোট ছয়টি দল। লন্ডন জায়ান্টস ও এলডরেট টাইগার্স ছাড়াও লড়াইয়ে থাকবে নাইরোবি লায়ন্স, পাঞ্জাব টাইটানস, মেরু থান্ডার্স ও দিল্লি রয়্যালস।