Advertisement
Us Bangla Airlines
টেন্ডুলকার-সাঙ্গাকারারাও পারেননি, সেই কীর্তি করে দেখালেন হৃদয়!

টেন্ডুলকার-সাঙ্গাকারারাও পারেননি, সেই কীর্তি করে দেখালেন হৃদয়!

খেলা ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ১২:৫১

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি। তাও এমন এক কীর্তি, যেখানে নাম লেখাতে পারেননি টেন্ডুলকার, সাঙ্গাকারা কিংবা জয়াবর্ধনের মতো কিংবদন্তিরা। সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। বিরাট কোহলির পর এশিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় অভিষেক টেস্টেই সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

হৃদয়ের টেস্ট ক্যারিয়ারটা অবশ্য এতটা মসৃণ ছিল না। বিদেশের মাটিতে অভিষেকের পর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েছিলেন। তবে দমে যাননি। ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরার আভাস দিয়েছিলেন। ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ফিরেই বুঝিয়ে দেন, নিজেকে নতুন করে চেনানোর জন্য প্রস্তুত তিনি।

তিন ডাকের পরেও ৩২৭ করে দিন পার বাংলাদেশের

ঢাকা টেস্টে ৪২ রান করলেও আউটের ধরন নিয়ে প্রশ্ন ছিল। সিলেট টেস্টে সুযোগ পেয়ে সেটিকে দুই হাতে কাজে লাগান হৃদয়। প্রথম ইনিংসে খেলেন অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস। দ্বিতীয় ইনিংসেও যোগ করেন ৮২ রান। এরপর বিরতি না নিয়েই দক্ষিণ আফ্রিকার বিমান ধরেন। সেখানেই লিখলেন ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়।

ক্যারিয়ারের চতুর্থ টেস্টে, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার খেলতে নেমেই ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। শুধু সেঞ্চুরি নয়, দলের বিপর্যয় সামলে ইনিংসটিকে নিয়ে যান অনন্য উচ্চতায়। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখনই হাল ধরেন হৃদয়। গড়েন ৯৯ ও ২০৬ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি। তার ব্যাটেই লড়াই করার মতো পুঁজি পায় দল।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন উপমহাদেশের ব্যাটারদের জন্য বরাবরই কঠিন পরীক্ষা। অতিরিক্ত বাউন্স আর সুইং সামলে সেখানে বড় ইনিংস খেলা সহজ নয়। কাভার ড্রাইভের মতো প্রিয় শট খেলতে গিয়েও অনেককে ফিরতে হয়েছে সাজঘরে। সেই কঠিন পরিবেশেই প্রথমবার খেলতে নেমে সেঞ্চুরি করে দেখালেন হৃদয়।

সর্বোচ্চ রানের জুটি ভাঙলেন হৃদয়-লিটন

এই কীর্তির মাহাত্ম্য আরও বড় হয়ে ওঠে কিংবদন্তিদের নাম বিবেচনায় নিলে। দক্ষিণ আফ্রিকায় নিজেদের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি টেন্ডুলকার, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, ইউনিস খান, ইনজামাম-উল-হক, আজহারউদ্দিন কিংবা মোহাম্মদ ইউসুফের মতো তারকারা। সেই তালিকায় প্রথম ব্যতিক্রমী নাম বিরাট কোহলি।

২০১৩ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। দীর্ঘ ১৩ বছর পর একই ভেন্যুতে প্রথমবার খেলতে নেমে সেই বিরল কীর্তির পাশে নিজের নাম লিখিয়ে দিলেন বাংলাদেশের তাওহীদ হৃদয়।

এমআই