ফিল্ডিং দুর্বলতায় আবারও হারল জ্যোতিরা
খেলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৪
ব্যাট হাতে লড়াইয়ের পুঁজি ছিল সামান্য। সেই পুঁজি নিয়েও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু একের পর এক ফিল্ডিং ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগাতে পারল না সোবহানা মোস্তারির দল। ক্যাচ ফসকানো, রানআউটের সুযোগ নষ্ট, সব মিলিয়ে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারল টাইগ্রেসরা।
আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফির ম্যাচে আগে ব্যাট করে ১২৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ২ বল হাতে রেখেই ১৩১ রান করে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।
লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য সহজ ছিল না ডাচদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় ৭৬ রানে ৫ উইকেট হারায় তারা। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফিল্ডিংয়ের ভুলে সেই সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে যায়।
ব্যাট হাতে ডাচদের জয়ের নায়ক স্টার কালিস। একপ্রান্ত আগলে রেখে ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই শেষ পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে নেয় নেদারল্যান্ডস। ফ্রেডেরিক ওভারডাইক ১১ বলে অপরাজিত ১২ রান করে তাকে সঙ্গ দেন।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি পান একটি করে উইকেট। কিন্তু বোলারদের পরিশ্রমের প্রতিদান দিতে পারেননি ফিল্ডাররা। উইকেটরক্ষক নিগার সুলতানা গুরুত্বপূর্ণ একটি ক্যাচ ছাড়েন। ফিল্ডারদের হাতছাড়া হয় রানআউটের একাধিক সুযোগও।
এর আগে ব্যাটিংয়েও শেষ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। ১৯তম ওভারের শেষ বল থেকে ২০তম ওভারের তৃতীয় বল পর্যন্ত মাত্র ৬ বলের ব্যবধানে ৪ উইকেট হারায় দল। সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান ও রিতু মনি দ্রুত ফিরলে ১২৯ রানেই আটকে যায় ইনিংস।
দিলারা আক্তারের ৪৬ বলে ৫১ রানের ইনিংসের সঙ্গে শারমিন আক্তারের ১৯, নিগার সুলতানার ২০ ও শোরনার ১৯ রান বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিল। তবে ব্যাটিংয়ের শেষ দিকের ধস আর ফিল্ডিংয়ের ভুলের মাশুল দিতে হলো পুরো দলকে।