Advertisement
Us Bangla Airlines
রানের রেকর্ড গড়ে থামল বাংলাদেশ

রানের রেকর্ড গড়ে থামল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ১৫:৫২

পাঁচশর স্বপ্ন দেখাচ্ছিলেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের ভিতও তৈরি হয়েছিল। কিন্তু লিটনের সেঞ্চুরির পর দ্রুত উইকেট হারিয়ে সেই সম্ভাবনা আর কাজে লাগাতে পারল না বাংলাদেশ। শেষ পর্যন্ত জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ১০১.২ ওভারে ৪০০ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রোটিয়াদের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

আগের দিন হৃদয়ের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে লিটনের ব্যাটে এসেছিল অপরাজিত সেঞ্চুরির অপেক্ষা। দ্বিতীয় দিনের শুরুতে সেই অপেক্ষার অবসান ঘটান লিটন। মার্কো ইয়ানসেনকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটার। মেয়ের জন্মদিনে সেঞ্চুরি তুলে উদযাপনটাও করেন বিশেষভাবে।

তবে সেঞ্চুরির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লিটনের সঙ্গে বড় জুটি গড়ার আগেই প্যাটারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। এরপর একপ্রান্ত আগলে রেখে রান বাড়াতে থাকেন লিটন। কিন্তু দলীয় সংগ্রহে আর মাত্র ২০ রান যোগ হতেই বিদায় নেন তিনিও। ১৭৯ বলে ১২০ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।

লিটনের বিদায়ের পর লেজের ব্যাটারদের নিয়ে স্কোরবোর্ডে কিছু রান যোগ করেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। হাসান ২৪ বলে ১৬ এবং তাসকিন ১৬ বলে ১৭ রান করেন। দুজনকেই ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন প্যাটারসন।

দ্বিতীয় দিনের সবকটি উইকেটই নিজের ঝুলিতে নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। আগের দিন পাঁচ উইকেট নেওয়া কাগিসো রাবাদা অবশ্য এদিন আর কোনো সাফল্য পাননি।