Advertisement
Us Bangla Airlines
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

খেলা ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

বেলজিয়ামের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানালেন ৯৪ গোল ও ১৩৫ ম্যাচের স্মৃতি নিয়ে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন এই স্ট্রাইকার।

২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয়েছিল তার। যদিও সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বেলজিয়াম। কয়েক মাস পর রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলযাত্রা শুরু করেন লুকাকু।

এরপর দীর্ঘ পথচলা। বেলজিয়ামের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি অংশ নিয়েছেন ২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোতে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনেও বড় অবদান ছিল তার।

বিদায়বেলায় সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লুকাকু। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি।’ জাতীয় দলের হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া হলো না লুকাকুর। তবে ৯৪ গোল নিয়ে বিদায় নিলেন তিনি।