ভারতের হাতেই থাকছে আইসিসির নেতৃত্ব!
খেলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫২
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণে ভারতের প্রভাব আরও এক মেয়াদ থাকছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি।
জয় শাহের নেতৃত্বে আস্থা রেখেছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে তার নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে চায় সংস্থাটি। পুনর্নির্বাচিত হয়ে আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ।
তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি অনেক সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন বিশেষ সুযোগ ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
সামনে ক্রিকেটের জন্য বড় সুযোগ দেখছেন শাহ। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে বিশ্বব্যাপী খেলাটির প্রসারে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
জয় শাহ বলেন, ‘আমাদের খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাকর অধ্যায়ে প্রবেশ করছি আমরা। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার এবং খেলোয়াড় ও সমর্থকদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দারুণ সুযোগ।’