Advertisement
Us Bangla Airlines
৪০০ করে সবাইকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

৪০০ করে সবাইকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৭

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে রান করাই উপমহাদেশের দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই জিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা উপমহাদেশের প্রথম দল এখন টাইগাররা। শুধু তাই নয়, ১৭ বছরেরও বেশি সময় পর এই কীর্তি গড়ল কোনো সফরকারী দল।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ১০১.২ ওভার ব্যাট করে ৪০০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট সিরিজের প্রথম ইনিংসে উপমহাদেশের দলগুলোর সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৯৬ রান। ২০২০-২১ মৌসুমে সেঞ্চুরিয়নে এই রান করেছিল শ্রীলঙ্কা।

সফরকারী দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে সর্বশেষ চারশর বেশি রান করেছিল অস্ট্রেলিয়া। ২০০৮-০৯ মৌসুমে জোহানেসবার্গেই প্রথম টেস্টে ৪৬৬ রান তুলেছিল তারা। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর সেই তালিকায় জায়গা করে নিল বাংলাদেশ।

এই ইতিহাসের ভিত গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। প্রথম দিন হৃদয়ের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের পর লিটন দ্বিতীয় দিনে তুলে নেন সেঞ্চুরি। দুজনের ২০৬ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রতিকূল কন্ডিশনে এমন ব্যাটিং ছিল দলের জন্য বড় প্রাপ্তি।

লিটন শেষ পর্যন্ত ১৭৯ বলে ১২০ রান করে ফেরেন। তার বিদায়ের আগেই প্যাভিলিয়েনে ফিরেছেন মেহেদী মিরাজ। তবে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের ছোট ছোট অবদান বাংলাদেশকে চারশর মাইলফলকে পৌঁছে দেয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের প্রথম ইনিংসে ৪০০ করা প্রথম এশিয়ান দল এখন বাংলাদেশ।