দেশের মাটিতে বাঘ, বিদেশে বড্ড বিবর্ণ মুমিনুল
খেলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬
দেশের মাটিতে ব্যাট হাতে দুর্দান্ত মুমিনুল হক। কিন্তু দেশের বাইরে গেলেই যেন বদলে যায় তার চেনা চেহারা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত এই ক্রিকেটার বিদেশের মাটিতে রীতিমতো সংগ্রাম করছেন। দক্ষিণ আফ্রিকা সফরেও সেই ব্যর্থতার পুনরাবৃত্তি। চার ইনিংসে রান মাত্র ১৯, দুবার ফিরেছেন শূন্য রানে।
টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটার হওয়ার অন্যতম শর্ত ধৈর্য। প্রতিকূল পরিস্থিতিতে উইকেটে পড়ে থাকা, বোলারদের পরীক্ষা নেওয়া এবং ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলাই একজন বিশেষজ্ঞ ব্যাটারের পরিচয়। মুমিনুলকে সেই বিবেচনা থেকেই একসময় তিন ফরম্যাটের বাইরে এনে শুধু টেস্টে মনোযোগী করা হয়েছিল।
সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় হয়ে ওঠেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট। কিন্তু সেই পরিচয়ের সঙ্গে তার সাম্প্রতিক পারফরম্যান্সের মিল খুঁজে পাওয়া কঠিন। টেস্টে শুরুর দিকে দারুণ পারফর্ম করলেও ইদানীং কেবল তলানিতে নামছেন এই ব্যাটার। অভিজ্ঞ ক্রিকেটার হয়েও দলের হাল না ধরে কেবল বিপদ বাড়িয়ে আসছেন।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুলের পরিসংখ্যান রীতিমতো হতাশাজনক। সেখানে ছয় টেস্টের ১২ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১২৪ রান। ব্যাটিং গড় ১০.৩৩। চারবার ফিরেছেন শূন্য রানে। এবারের সিরিজেও চার ইনিংসে যথাক্রমে করেছেন ০, ১, ১৮ ও ০ রান।
শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, দেশের বাইরেও তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। বিদেশের মাটিতে ৩৮ ম্যাচের ৭৩ ইনিংসে মুমিনুলের রান ১৭১৯। ব্যাটিং গড় মাত্র ২৪.৯১! অথচ দেশের মাটিতে ৪৫ টেস্টে ৪৭.৯৩ গড়ে করেছেন ৩৫৪৭ রান। অর্থাৎ ঘরের মাঠের তুলনায় বিদেশে তার ব্যাটিং গড় প্রায় অর্ধেক।
বাউন্সি উইকেটে শরীরের কাছাকাছি আসা বল সামলানো কিংবা সুইংয়ের বিপক্ষে নিজেকে মানিয়ে নেওয়া, বিদেশের মাটিতে এসব চ্যালেঞ্জে বারবার হোঁচট খাচ্ছেন মুমিনুল। সবচেয়ে বড় প্রশ্ন, একই ধরনের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের ব্যাটিংয়ে পরিবর্তন আনতে পারছেন কি না।
অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে প্রত্যাশা বেশি। কিন্তু অভিজ্ঞতার ছাপ যদি ব্যাটিংয়ে না থাকে, তাহলে শুধু পরিচয় দিয়ে কত দিন চলবে? দিনের পর দিন রানখরা, একই ধরনের আউট এবং বিদেশের মাটিতে অসহায় আত্মসমর্পণ তার টেস্ট ক্যারিয়ার নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
এমআই