Advertisement
Us Bangla Airlines
৩ দিনেই ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৩ দিনেই ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা গেল না। দুই ম্যাচেই ব্যাটিং-বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে তো তিন দিনেই ম্যাচ শেষ। ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো শান্তর দল।

জোহানেসবার্গে প্রথম টেস্টে রেকর্ড রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। সেঞ্চুরিয়নে এসে সেই লড়াইটুকুও দেখা গেল না। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ৪০৩ রানের লিডই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেয়। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সামান্য প্রত্যাশাও শেষ করে দেন উইয়ান মুল্ডার। তার পাঁচ উইকেটের তোপে ১৮৪ রানেই শেষ বাংলাদেশের ইনিংস।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৯১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুই পঞ্চাশোর্ধ্ব জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও মিডল অর্ডার ভেঙে পড়তেই আবারও বিপর্যয়।

তানজিদ ও রবিনের ব্যাটে শুরুটা মন্দ ছিল না। দুজন মিলে গড়েন ৫৮ রানের উদ্বোধনী জুটি, যা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ। তবে ১৪তম ওভারের পর উইয়ান মুল্ডারের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন তানজিদ। ৪৮ বলে ২৯ রান করেন তিনি।

এরপর ৫৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুল্ডারের বলে গ্লাভসে লেগে রিকেলটনের হাতে ধরা পড়েন মুমিনুল হক। কোনো রানই করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। রবিন অবশ্য এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। কিন্তু ৩৮ রানে তার প্রতিরোধ থামান মার্কো ইয়ানসেন। ৬২ বলের ইনিংসে সাতটি চার মারেন এই ওপেনার।

৭৮ রানে তিন উইকেট হারানোর পর কিছুটা আশা জাগান শান্ত-হৃদয়। বিশেষ করে হৃদয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা। ইয়ানসেনের এক ওভারেই তিনটি চার মারেন তিনি। রাবাদাকেও ছাড় দেননি। তবে ৩৩ বলে ৪১ রান করে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা।

১২৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান্ত। দুজনের জুটি থেকে আসে ৩০ রান। কিন্তু লিটনকে ফিরিয়ে সেই চেষ্টাও ভেঙে দেন মুল্ডার।

এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে নামে ধস। জাকের আলী ও শরিফুল ইসলামকে টানা দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন মুল্ডার। এই ইনিংসেই টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পান তিনি। পরে শান্তকে ৩৪ রানে ফিরিয়ে নিজের শিকার বাড়ান। এরপর তাসকিনকে বোল্ড করে বাংলাদেশের শেষ আশাটুকুও নিভিয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।